পাটকেলঘাটা

ইসলামকাটী ভিলেজ ইমপ্রুভমেন্ট ট্রাস্টের ১০০ বছর পূর্তি

পাটকেলঘাটা প্রতিনিধি: তালা উপজেলার ঐতিহ্যবাহী ইসলামকাটী ইউনিয়নের উন্নয়নে ১৯২৫ সালে প্রতিষ্ঠিত ইসলামকাটী ভিলেজ ইমপ্রুভমেন্ট ট্রাস্টের ১০০ বছর পূর্তি উপলক্ষে নির্বাহীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মে) সকাল ৮টায় ইসলামকাটী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুকের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টের সেক্রেটারি মাস্টার রনজিত কুমার ঘোষ, নারায়ণ মজুমদার, সাংবাদিক নাজমুল হক খান, শেখ মনিরুজ্জামান, হায়দার আলী মোড়ল, শেখ আনিসুজ্জামান, প্রাক্তন ইউপি সদস্য রবিউল ইসলাম, বিকাশ চন্দ্র, স্বপন ঘটকসহ অনেকে। সভায় বক্তারা জানান, সমাজসেবক সুরেন্দ্রনাথ চক্রবর্তীর উদ্যোগে ১৯২৫ সালে প্রতিষ্ঠিত এই ট্রাস্ট দীর্ঘ এক শতাব্দী ধরে ইসলামকাটী গ্রামের শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সভাপতির বক্তব্যে অধ্যাপক গোলাম ফারুক বলেন, ইসলামকাটী সাব-রেজিস্ট্রি অফিস, পি.এন. মাধ্যমিক বিদ্যালয়, বালিকা বিদ্যালয়, পোস্ট অফিস, হাসপাতাল, বাজার জামে মসজিদ, পূজা ম-প ও বিশুদ্ধ পানি গবেষণা কেন্দ্রসহ বহু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ট্রাস্টের দানকৃত জমির ওপর প্রতিষ্ঠিত।
তিনি আরও বলেন, প্রতিষ্ঠাতা সুরেন্দ্রনাথ চক্রবর্তী এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে এসব প্রতিষ্ঠানের জন্য জমি দান করেন এবং ট্রাস্ট গঠন করেন। ট্রাস্টের মাধ্যমে দীর্ঘদিন ধরে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো হচ্ছে। সভায় ট্রাস্টের কার্যক্রম আরও গতিশীল করতে সকল সদস্য ও স্থানীয়দের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *