কলারোয়ালিডসদরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরায় ৬ কোটি টাকার নতুন মাদক ’কুশ’সহ আটক-১

গাজী হাবিব, সাতক্ষীরা: সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটি টাকা মুল্যের নতুন মাদক ‘কুশ’ জব্দ হয়েছে।

এসময় মাদক পাচারের অভিযোগে মো: তারিকুজ্জামান (২৪) নামের এক তরুণকে আটক করেছে বিজিবি। নতুন মাদক কুশ মারিজুয়ানা গাছের ফুল থেকে তৈরী এক ধরণের বিশেষ মাদক বলে জানিয়েছে বিজিবি।

আটক তারিকুজ্জামান কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের ওহিদুজ্জামানের ছেলে।

৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, ব্যাটালিয়ন সদর দপ্তরে খবর আসে, নতুন মাদক কুশ সাতক্ষীরা থেকে মাধবকাটি হয়ে সীমান্ত দিয়ে ভারতে পৌঁছাবে। সংবাদ প্রাপ্তির পরপরই ব্যাটালিয়ন সদরের একটি আভিযানিক দল মাধবকাটি বাজারে অভিযান চালায়। এসময় ১২ কেজি নতুন মাদক কুশ জব্দ হয়। যার বাজারমুল্য প্রায় ৬ কোটি টাকা। আটক আসামীর বিরুদ্ধে মামলা দিয়ে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

এছাড়া বিদেশ থেকে বিশেষ এই মাদক এনে ভারতে পাচারের চক্রকে চিহিৃত করার চেষ্টা চলছে বলে জানান বিজিবি অধিনায়ক। বিজিবি সূত্রে জানা যায়, ‘কুশ’ মূলত মারিজুয়ানা গাছের ফুল বা কুঁড়ি থেকে তৈরি একটি মাদক। বিশ্বের বিভিন্ন দেশে এতে অতিরিক্ত টেট্রাহাইড্রোক্যানাবিনল (টিএইচসি) মিশিয়ে তরল, গুঁড়া বা ট্যাবলেট আকারেও বাজারজাত করা হয়।

তবে আটক তারিকুজ্জামান বিজিবির কাছে দাবি করেন, সাতক্ষীরা জেলা পরিষদের পাশ থেকে আরাফাত হোসেন নামের পরিচিত এক ব্যক্তি তাকে ঝাউডাঙ্গা এলাকায় জনৈক ব্যক্তির কাছে একটি ব্যাগ পৌঁছে দিতে বলেছিলেন। কোনো পারিশ্রমিকও দেওয়া হয়নি। তিনি ব্যাগটি পৌঁছে দিতে যাওয়ার পথে বিজিবির হাতে আটক হন। পরে জানতে পারেন, ব্যাগে ‘কুশ’ নামের মাদক ছিল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *