কলারোয়ালিডসদরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরার সীমান্ত থেকে ক্রিস্টাল মেথসহ প্রায় ৬ কোটি টাকার মাদক ও চোরাচালানী পণ্য জব্দ

গাজী হাবিব, সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়া ও সদর সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান জোরদার করেছে বিজিবি। ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে শুক্রবার (১ মে) পরিচালিত একাধিক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ক্রিস্টাল মেথ (আইস), মোবাইল ফোনের যন্ত্রাংশ ও শাড়ি জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি ৬২ লাখ ১০ হাজার টাকা।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে কাকডাঙ্গা, মাদরা, বৈকারী ও কালিয়ানী বিওপির অধীনস্থ টহল ও আভিযানিক দলগুলো সমন্বিতভাবে এ অভিযান পরিচালনা করে। কাকডাঙ্গা বিওপির পৃথক দুটি আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস সংলগ্ন ৪ ও ৫ নম্বর আরবি পয়েন্ট থেকে ১০০ ও ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া উপজেলার কেড়াগাছি ও গেড়াখালী এলাকায় অভিযান চালায়। এসময় প্রায় ৩ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও শাড়ি জব্দ করা হয়। তবে এ অভিযানের সময় কোনো চোরাকারবারীকে আটক করতে পারে নি বিজিবি।

মাদরা বিওপির একটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৮ নম্বর আরবি পয়েন্ট হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া উপজেলার উত্তর ভাদিয়ালী এলাকায় অভিযান পরিচালনা করে। সেখান থেকে প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়।

অভিযানের সবচেয়ে বড় সাফল্য আসে বৈকারী বিওপির আভিযানিক দলের হাতে। তারা সাতক্ষীরা সদর উপজেলার কালিয়ানী পূর্বপাড়া এলাকায় সীমান্ত পিলার ৭/৫৬-এস সংলগ্ন প্রায় ১০০ গজ অভ্যন্তরে অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৯৪ লাখ টাকা মূল্যের ভারতীয় ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করে। অত্যন্ত ঝুঁকিপূর্ণ এ মাদকটি আন্তর্জাতিক বাজারে উচ্চমূল্যের হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে এটি বড় অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

অপরদিকে কালিয়ানী বিওপির পৃথক একটি দল সীমান্ত পিলার ৭/৬৫-এস সংলগ্ন প্রায় ৫০ গজ অভ্যন্তরে কালিয়ানী নীলকুঠি এলাকায় অভিযান চালিয়ে আরও প্রায় ২ কোটি ২৬ লাখ টাকা মূল্যের ক্রিস্টাল মেথ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, সংঘবদ্ধ চোরাকারবারী চক্র সীমান্তের বিভিন্ন পয়েন্ট ব্যবহার করে এসব মাদক বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করছিল।

সব মিলিয়ে এদিনের অভিযানে সর্বমোট ৫,৬২,১০,০০০ (পাঁচ কোটি বাষট্টি লাখ দশ হাজার) টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানী পণ্য জব্দ করা হয়েছে।

৩৩ বিজিবি অধিনায়ক- পরিচালক লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত মালামাল শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আনা হচ্ছিল। সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে তাদের নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তিনি আরো জানান, এ ধরনের চোরাচালান দেশের বৈধ ব্যবসা ও শিল্পখাতের জন্য বড় হুমকি। এতে একদিকে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হয়, অন্যদিকে সরকার বিপুল রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়। পাশাপাশি ক্রিস্টাল মেথের মতো ভয়ংকর মাদক তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, যা সামাজিক নিরাপত্তার জন্যও মারাত্মক ঝুঁকি তৈরি করছে।

অভিযানের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ফিরে আসে। তারা বিজিবির এমন কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বন্ধে নিয়মিত অভিযান চালানো জরুরি। তারা ভবিষ্যতেও এ ধরনের কঠোর পদক্ষেপ অব্যাহত রাখার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *