কালিগঞ্জ

কালিগঞ্জে মহান মে দিবসে শ্রমিকদলের সমাবেশ, শ্রমিক অধিকার প্রতিষ্ঠার দাবি

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল উপজেলা শাখার উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) উপজেলা বিএনপির কার্যালয় সংলগ্ন আয়োজিত এ সমাবেশে শ্রমিকদের ন্যায্য অধিকার, মজুরি ও নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।

উপজেলা শ্রমিকদলের সভাপতি আব্দুস সেলিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শোকর আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য শেখ নরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শফিকুল ইসলাম বাবু এবং সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বর্তমান যুগ্ম আহ্বায়ক আক্তার উজ্জামান বাপ্পী। এছাড়াও উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. রোকনুজ্জামানসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের শ্রমিকদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম রাজু এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে সমাবেশটি প্রাণবন্ত হয়ে ওঠে।

সমাবেশে বক্তারা বলেন, দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি শ্রমজীবী মানুষ। তাদের পরিশ্রম ও অবদানের ওপরই দেশের উন্নয়ন নির্ভরশীল। কিন্তু বাস্তবতায় শ্রমিকরা এখনও নানা বঞ্চনা ও অনিশ্চয়তার মধ্যে রয়েছে। তাই শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং মৌলিক অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তারা।

প্রধান অতিথির বক্তব্যে শেখ এবাদুল ইসলাম বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক ও উন্নয়নমুখী রাজনৈতিক দল, যা সবসময় শ্রমজীবী মানুষের পাশে থেকেছে। তিনি দাবি করেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছেন, সেগুলো ধাপে ধাপে বাস্তবায়নের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তিনি শ্রমিকদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়ার বিষয় তুলে ধরে সেগুলোর সমাধানে ঐক্যবদ্ধ উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

সমাবেশ শেষে শ্রমিকদের অংশগ্রহণে একটি সংক্ষিপ্ত র‍্যালি অনুষ্ঠিত হয়, যা উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় সমাবেশস্থলে গিয়ে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *