কালিগঞ্জরাজনীতিলিডসাতক্ষীরা জেলা

কালিগঞ্জে দুর্ভোগ লাঘবে ফরিদপুর-বেজুয়া সড়কের ৮০০ মিটার কার্পেটিং কাজের উদ্বোধন

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ফরিদপুর এলাকায় আতিয়ার সরদারের বাড়ি থেকে বেজুয়া ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় ৮০০ মিটার সড়কের কার্পেটিং কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা গুরুত্বপূর্ণ এই সড়কটির উন্নয়ন কাজ শুরু হওয়ায় স্থানীয় জনসাধারণের মাঝে স্বস্তি ও আনন্দের সৃষ্টি হয়েছে।

রবিবার (১০ মে) সকালে প্রধান অতিথি থেকে এ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও সাবেক যুগ্ম আহ্বায়ক, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।

উদ্বোধনকালে তিনি বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ছাড়া এলাকার সার্বিক উন্নয়ন সম্ভব নয়। দীর্ঘদিন ধরে এই সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। বিশেষ করে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষের চরম দুর্ভোগ পোহাতে হতো। সড়কটির কার্পেটিং কাজ সম্পন্ন হলে এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থা অনেক সহজ ও নিরাপদ হবে।

তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে এবং এলাকার প্রতিটি গুরুত্বপূর্ণ সড়ক ধীরে ধীরে উন্নয়নের আওতায় আনা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলিম আল রাজি তাপস। এছাড়াও উপস্থিত ছিলেন ইউপি সদস্য জাহিদ আলম, সাবেক ইউপি সদস্য আবু হানিফ, ইউপি সদস্যা পূর্ণিমা রানী মন্ডল, ঠিকাদার আসাদুর রহমান আসাদ, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মুজিবুর রহমান মুজি, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মিন্টুসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন স্থানে খানাখন্দ ও কাদা জমে থাকায় সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হতো। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী ও রোগীদের যাতায়াতে সমস্যা আরও বেশি ছিল। অবশেষে সড়কটির উন্নয়ন কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *