খুলনাশ্যামনগরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরার কোবাতক নদীতে ধরা পড়ল বিরল প্রজাতির সামুদ্রিক কচ্ছপ

মোঃ ইসমাইল হোসেন, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন কোবাতক নদীতে এক জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির একটি হকসবিল সামুদ্রিক কচ্ছপ। শনিবার (১৩ জুন) সকালে মাছ ধরার সময় গাবুরা ইউনিয়নের আব্দুল সাত্তার নামের এক জেলের জালে কচ্ছপটি আটকা পড়ে। কচ্ছপটির আনুমানিক ওজন প্রায় ১০ কেজি বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাছ ধরার সময় জালে অস্বাভাবিক আকৃতির একটি বড় কচ্ছপ ধরা পড়লে জেলেরা বিষয়টি বন বিভাগকে অবহিত করেন। খবর পেয়ে সাতক্ষীরা রেঞ্জের বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কচ্ছপটি উদ্ধার করেন।

উদ্ধারকৃত কচ্ছপটি দেখতে স্থানীয়ভাবে পরিচিত সাধারণ কচ্ছপের তুলনায় সম্পূর্ণ ভিন্ন হওয়ায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়। এর খোলসের বিশেষ গঠন, গায়ের রঙ এবং শারীরিক বৈশিষ্ট্য দেখে অনেকেই এটিকে বিরল প্রজাতির কচ্ছপ বলে ধারণা করেন। খবর ছড়িয়ে পড়লে কচ্ছপটি এক নজর দেখতে স্থানীয়দের ভিড় জমে।

স্থানীয় জেলেরা জানান, তারা দীর্ঘদিন ধরে কোবাতক নদীতে মাছ শিকার করলেও এমন কচ্ছপ এর আগে কখনো দেখেননি। ফলে কচ্ছপটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মশিউর রহমান জানান, উদ্ধারকৃত প্রাণীটি একটি হকসবিল সামুদ্রিক কচ্ছপ, যা অত্যন্ত বিরল এবং সংরক্ষিত প্রজাতির অন্তর্ভুক্ত। বর্তমানে কচ্ছপটিকে বন বিভাগের তত্ত্বাবধানে কলাগাছিয়া ইকো ট্যুরিজম সেন্টারে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, “এটি একটি সামুদ্রিক কচ্ছপ। কোবাতক নদী বা স্থানীয় জলাশয়ে অবমুক্ত করলে কচ্ছপটির বেঁচে থাকা কঠিন হবে। তাই উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে পরবর্তীতে মান্দারবাড়িয়া সমুদ্র সৈকত সংলগ্ন এলাকায় অবমুক্ত করা হবে। তবে স্থানটি দূরবর্তী হওয়ায় তাৎক্ষণিকভাবে অবমুক্ত করা সম্ভব হয়নি।”

বন বিভাগ জানিয়েছে, কচ্ছপটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে এবং নিরাপদ পরিবেশে অবমুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সুন্দরবন সংলগ্ন নদ-নদীতে বিরল প্রজাতির প্রাণীর বিচরণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *