জাতীয়রাজনীতিলিডসদরসাতক্ষীরা জেলা

নতুন মামলায় গ্রেপ্তার সাতক্ষীরার সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় সংরক্ষিত আসনের সাবেক এমপি লায়লা পারভীন সেজুতিকে এবার নতুন একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

রবিবার (১৪ জুন) সাতক্ষীরা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বিলাস মন্ডল মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার (শোন অ্যারেস্ট) দেখানোর আদেশ দেন। একই সঙ্গে তার জামিন আবেদন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, সাতক্ষীরা সদর থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় তদন্তকারী কর্মকর্তা আদালতে শোন অ্যারেস্টের আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করলে আসামি পক্ষ তাৎক্ষণিকভাবে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের দীর্ঘ শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতির আইনজীবী এড. আল মাহামুদ বলেন, অন্যান্য মামলায় জামিন পাওয়ার পর কারামুক্ত হওয়ার আগেই ২০২৫ সালে দায়ের হওয়া একটি হত্যা মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। এ মামলায় জামিন আবেদন করা হলেও আদালত তা নামঞ্জুর করেছেন।

মামলার নথি অনুযায়ী, সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর গ্রামের মৃত অহেদ আলীর স্ত্রী পারুল বেগম (৪৭) আদালতে একটি নালিশি মামলা দায়ের করেন। আদালত অভিযোগটি এজাহার হিসেবে গণ্য করে সাতক্ষীরা সদর থানাকে এফআইআর হিসেবে রেকর্ড করার নির্দেশ দেন।

মামলার বিবরণে উল্লেখ করা হয়, ২০২০ সালের ২৬ মার্চ দিবাগত রাতে এজাহারভুক্ত ৪৭ জন এবং অজ্ঞাতনামা আরও ১০-১২ জন ব্যক্তি সংঘবদ্ধভাবে বাদীর বাড়িতে প্রবেশ করে ভাঙচুর, লুটপাট ও হামলা চালায়। এ সময় পরিবারের সদস্যদের মারধর করা হয় এবং নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, মোটরসাইকেলসহ বিভিন্ন মালামাল লুট করে নেওয়া হয়।

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা বাদীর স্বামী অহেদ আলীকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরদিন সকালে বাড়ির অদূরে একটি আমবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মামলায় সাবেক সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতির পাশাপাশি সাতক্ষীরার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সাতক্ষীরা) মীর্জা সালাউদ্দীন, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মহিদুল ইসলাম, সাতক্ষীরা সদর থানার তৎকালীন ওসি মো. আসাদুজ্জামানসহ মোট ৪৭ জনকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ২০ মে সাতক্ষীরা শহরের রাধানগরে নিজ বাসভবন থেকে গ্রেপ্তার হন সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি। পরবর্তীতে বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে তিনি একাধিক মামলায় উচ্চ আদালত থেকে জামিন লাভ করেন। তবে নতুন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হওয়ায় আপাতত তার কারামুক্তি হচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *