সেবামুখী পুলিশিং ব্যবস্থা জোরদারে কলারোয়া থানা পরিদর্শনে পুলিশ সুপার
মেহেদী সোহাগ, কলারোয়া: সাতক্ষীরার কলারোয়া থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক কার্যক্রম ও সেবার মান পর্যবেক্ষণে থানা পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম।
বুধবার (২০ মে) দুপুরে তিনি আকস্মিকভাবে কলারোয়া থানা পরিদর্শনে এসে থানার বিভিন্ন শাখা ও দাপ্তরিক কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তিনি গুরুত্বপূর্ণ রেজিস্টার, ডিউটি ব্যবস্থাপনা, অভিযোগ গ্রহণ প্রক্রিয়া এবং আইনশৃঙ্খলা সংক্রান্ত নথিপত্র পর্যালোচনা করেন। পরিদর্শনকালে পুলিশ সুপার কর্মকর্তাদের উদ্দেশে বলেন, জনগণের আস্থা অর্জনে পুলিশ সদস্যদের আরও দায়িত্বশীল, মানবিক ও পেশাদার আচরণ নিশ্চিত করতে হবে। থানায় আগত সেবাপ্রার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণের পাশাপাশি অভিযোগ নিষ্পত্তিতে দ্রুততা ও স্বচ্ছতা বজায় রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, মাদক, চুরি, কিশোর গ্যাং, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অপরাধ দমনে গোয়েন্দা তৎপরতা বাড়াতে হবে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কমিউনিটি পুলিশিং কার্যক্রমও আরও জোরদার করার নির্দেশনা দেন তিনি। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহীনুর চৌধুরী, কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহীনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে পুলিশ সুপার থানার সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আরও আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

