সাতক্ষীরায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন করা হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সাতক্ষীরার আয়োজনে বুধবার সকাল ১০টায় ফায়ার সার্ভিস স্টেশন চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ-সহকারী পরিচালক মো. সাইফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাউসার আজিজ। তিনি জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কাউসার আজিজ বলেন, দুর্ঘটনা ঘটলেই প্রথমে ছুটে যান ফায়ার সার্ভিসের সদস্যরা। জীবনের মায়া ত্যাগ করে তারা আগুন কিংবা বড় ধরনের দুর্ঘটনার মধ্যে ঝাঁপিয়ে পড়েন। নিজেদের জীবনকে উৎসর্গ করে তারা দেশের মানুষ ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করছেন। ফায়ার সার্ভিসের কর্মীদের কখনো ছোট করে দেখার সুযোগ নেই। রাষ্ট্রের জানমালের নিরাপত্তায় তারা দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আমিনুল রহমান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরহাদ জামিল, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা রিয়াজুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. সানোয়ার হোসেন, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মো. রাজিবুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও রেড ক্রিসেন্ট সোসাইটির যুব ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ মো. নুরুল ইসলাম।

