বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সাতক্ষীরায় প্রতীকী অবস্থান কর্মসূচি পালন
স্টাফ রিপোর্টার: বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করেছে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র।
রবিবার (৩ মে) সকাল সাড়ে ৮টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী, পেশাজীবী, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন। বক্তারা বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা, সাংবাদিকদের নিরাপত্তা জোরদার করা এবং মুক্ত সাংবাদিকতার পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য দেন সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান শামসুজ্জামান বাবু, সাংস্কৃতিক কর্মী স. ম. তুহিন, জেলা নাগরিক কমিটির সভাপতি শেখ আজাদ হোসেন বেলাল, দৈনিক দৈক্ষিণ মশালের সম্পাদক আশেক-ই-এলাহী এবং এখন টিভির জেলা প্রতিনিধি ও সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সাধারণ সম্পাদক শেখ আহসানুর রহমান রাজীবসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, একটি স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গণতান্ত্রিক অগ্রযাত্রার অন্যতম ভিত্তি। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

