তালা উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সাংসদ হাবিব
সেকেন্দার আবু জাফর বাবু, তালা: বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিব তালা উপজেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত পূজামন্ডপ পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) তিনি উপজেলার নগরঘাটা, ধানদিয়া, সরুলিয়া, কুমিরা, খলিশখালী, তালা সদরসহ বিভিন্ন ইউনিয়নের পূজামন্ডপ পরিদর্শন করেন।

এ বছর তালা উপজেলায় ১৯৬টি ও কলারোয়া উপজেলার ৩৯টি পূজামন্ডপে আনন্দমুখর পরিবেশেই দুর্গাপূজা উদযাপিত হচ্ছে।
পূজামন্ডপ পরিদর্শনকালে বিএনপি কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব বলেন, আবহমানকাল থেকে দেখে আসছি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গোৎসব বিপুল উৎসাহ, উদ্দীপনা ও উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে আসছে। ধর্ম যার যার, উৎসব সবার। দূর্গা পূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি একটি সামাজিক উৎসব। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই উৎসব পালন করে আসছে। তাই এই উৎসব সার্বজনীন।
তিনি আরো বলেন, বিএনপির প্রতিটি নেতাকর্মী মন্ডপে মন্ডপে সুরক্ষা ও নিরাপত্তা বিধানে কাজ করছেন। আমরা সবসময় আপনাদের পাশে ছিলাম, আছি এবং আগামীতেও থাকব। 
পূজামন্ডপ পরিদর্শনকালে বিএনপি কেন্দ্রীয় নেতার সাথে ছিলেন, তালা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক শফিকুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র মজুমদার, সাতক্ষীরা পৌর বিএনপির আহবায়ক মাসুম বিল্লাহ শাহীন, বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মহব্বত আলী, বর্তমান ইউপি চেয়ারম্যান জাহঙ্গীর হোসেনসহ অন্যান্যরা।

