আশাশুনিসাতক্ষীরা জেলা

স্ত্রীর পরকীয়াকান্ডে আশাশুনিতে স্বামীর আত্মহত্যা

আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ডুমুরপোতা কালিবাড়ি গ্রামে স্ত্রীর পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে রতন সানা (৩০) নামে এক যুবকের আত্মহত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের মা অমরী রানী সানা আশাশুনি থানায় লিখিত এজাহার দায়ের করেছেন। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী চন্দ্রা রানী বাছাড়কে থানা হেফাজতে নিয়েছে পুলিশ। নিহতের মা অমরী রানী সানা জানান, শুক্রবার রাত ৮টার দিকে তার পুত্রবধূ চন্দ্রা রানী বাছাড় বামনডাঙ্গা গ্রামের অমেদ ঢালী নামে এক ব্যক্তির সঙ্গে মোবাইলে কথা বলছিলেন। বিষয়টি নিয়ে রতনের সঙ্গে তার স্ত্রীর বাকবিতণ্ডা হয়। পরে সবাই ঘুমিয়ে পড়েন। শনিবার ভোরে রতনের বাবা অজিত সানা মাঠে যাওয়ার আগে ছেলেকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে ঘরে ঢুকে দেখেন, রতন ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছেন। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে রতনকে নামালেও ততক্ষণে তার মৃত্যু হয়। পরিবার সূত্রে জানা গেছে, রতন সানা পাঁচ বছর বয়সী এক ছেলে সন্তানের জনক। আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম আহমদ খান বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত এজাহার পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রীকে থানা হেফাজতে রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে,ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *