সাতক্ষীরা পৌর ৭ নং ওয়ার্ডের আরসিসি সড়কের কাজ শেষ, স্বস্তি এলাকাবাসীর
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ইটাগাছা পুলিশ ফাঁড়ি থেকে হাসান হোসেন মসজিদ পর্যন্ত ৩০০ মিটার আরসিসি সড়কের নির্মাণকাজ শেষ হয়েছে। দীর্ঘদিন চলাচলের অনুপযোগী থাকা সড়কটি সংস্কার হওয়ায় স্বস্তি ফিরেছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। এলাকাবাসী জানান, দীর্ঘদিন সড়কটির বেহাল অবস্থার কারণে চলাচলে দুর্ভোগ পোহাতে হতো। নতুন সড়ক নির্মাণের ফলে সেই ভোগান্তির অবসান হয়েছে। স্থানীয় বাসিন্দা মো. আবুল কাশেম বলেন, কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং স্থানীয়রা নির্মাণকাজের মান পর্যবেক্ষণ করেছেন। ব্যবসায়ী মো. খলিলুর রহমানের দাবি, নির্মাণকাজে মানসম্মত উপকরণ ব্যবহার করা হয়েছে এবং কাজের মান ভালো হয়েছে। সাব-কন্ট্রাক্টর মো. ইউসুফ আলী বলেন, কোনো ধরনের বাধা ছাড়াই ৩০০ মিটার আরসিসি সড়কের কাজ সম্পন্ন করা হয়েছে।

