তালাসাতক্ষীরা জেলা

তালায় নির্মাণাধীন প্রেসক্লাব ভবনে রাতের আঁধারে ভাঙচুর: ঘটনাস্থলে ওসি

শাহীন বিশ্বাস, পাটকেলঘাটা: সাতক্ষীরার তালা উপজেলায় নির্মাণাধীন উপজেলা প্রেসক্লাব ভবনে গভীর রাতে দুর্বৃত্তদের ভাঙচুরের ঘটনা ঘটেছে। তালা বাজার সংলগ্ন নদীর ধারে কফি হাউজের পাশে নির্মাণাধীন ভবনের নতুন গাঁথুনীতে এ হামলা চালানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তরা ভবনের গাঁথুনীর বিভিন্ন অংশ ভেঙে ফেলে ব্যাপক ক্ষতিসাধন করে। সকালে বিষয়টি নজরে আসলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনার পর তালা উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে তালা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাটিকে গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে।

মঙ্গলবার (১২ মে) দুপুরে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত নির্মাণকাজ সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ আকবর হোসেন, সিনিয়র সহ-সভাপতি শামীম খান, সহ-সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক মীর আব্দুল মিল্টন ও আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক আঃ কুদ্দুস পাড়, সহ-দপ্তর সম্পাদক আবু সাঈদ, প্রচার সম্পাদক মোখলেছুর রহমান, তথ্য ও প্রচার বিষয়ক সম্পাদক জোহর হোসেন সাগর, জমির উদ্দিন মোল্লাসহ অন্যান্য সদস্যরা।

তালা থানার ওসি মোঃ শহিদুল ইসলাম বলেন, “অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।”

এ ঘটনায় তালা উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, তালা উপজেলা প্রেসক্লাবের নতুন ভবনের নির্মাণকাজ বর্তমানে চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *