কলারোয়ালিডসদরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৩৭ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৩৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৪ মে ) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধীনস্থ বৈকারী, কাকডাঙ্গা, মাদরা, কুশখালী, ভোমরা ও পদ্মশাখরা বিওপির টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে এসব পণ্য আটক করে।

বিজিবি সূত্র জানায়, বৈকারী বিওপির বিশেষ দল সীমান্ত পিলার ৭/১০-এস সংলগ্ন নতুনপাড়া এলাকা থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করে। কাকডাঙ্গা বিওপি কলারোয়ার ভাদিয়ালী এলাকা থেকে ৩৫ হাজার টাকা মূল্যের শাড়ি আটক করে। মাদরা বিওপি উত্তর ভাদিয়ালী এলাকা থেকে ১ লাখ ৭৫ হাজার টাকার ঔষধ জব্দ করে।

এছাড়া কুশখালী বিওপি সদর উপজেলার কলমুর এলাকা থেকে ৪ লাখ ৩৬ হাজার টাকা মূল্যের মোবাইল ফোনের যন্ত্রাংশ উদ্ধার করে। ভোমরা বিওপি মন্দির এলাকা থেকে ১২ লাখ টাকা মূল্যের চিংড়ি মাছের রেণুপোনা জব্দ করে।

অপরদিকে পদ্মশাখরা বিওপি শাখরা আশামোড় এলাকা থেকে ১৮ লাখ টাকা মূল্যের চিংড়ির রেণুপোনা আটক করে।

সব মিলিয়ে অভিযানে ৩৭ লাখ ১৬ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে।

সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক অতিরিক্ত পরিচালক (উপ-অধিনায়ক) মেজর শাদমান সাকিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে পাচারের চেষ্টা করা হচ্ছিল। এসব চোরাচালান দেশের রাজস্ব ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি দেশীয় শিল্পের জন্য হুমকি সৃষ্টি করছে।

বিজিবির এ ধরনের অভিযানকে স্থানীয়রা স্বাগত জানিয়ে ভবিষ্যতেও কঠোরভাবে চোরাচালান দমনের দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *