কালিগঞ্জের বিষ্ণুপুরে এক কিলোমিটার ইটের সোলিং সড়কের উদ্বোধন
তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ফরিদপুর এলাকায় দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটাতে এক কিলোমিটার কাঁচা রাস্তায় ইটের সোলিং নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। এতে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন দিগন্তের সূচনা হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
শুক্রবার (১ মে) বেলা ১১টায় আনুষ্ঠানিক ভাবে সড়কটির নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। ইউপি সদস্য জাহিদ আলমের মৎস্য ঘের সংলগ্ন এলাকা থেকে শুরু হয়ে পারুলগাছা গ্রামের মুনসুর খাঁর জমি পর্যন্ত বিস্তৃত এই সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় ছিল। বর্ষা মৌসুমে কাদামাটির কারণে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ত, ফলে চরম দুর্ভোগ পোহাতে হতো এলাকাবাসীকে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি সদস্য জাহিদ আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা মাহমুদ, ইউপি সদস্য আফসার উদ্দিন, ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি শেখ আব্দুর রহিম এবং ঠিকাদার তামিম আল আরাফাত। এছাড়াও অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়নের অন্যতম প্রধান উপাদান হলো যোগাযোগ ব্যবস্থা। একটি সড়ক শুধু মানুষের যাতায়াত সহজ করে না, বরং এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করে তোলে। এ ধরনের উন্নয়নমূলক কাজ গ্রামীণ জনপদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এই রাস্তাটি কাঁচা থাকায় তাদের চরম ভোগান্তির শিকার হতে হয়েছে। বিশেষ করে বর্ষাকালে শিক্ষার্থী, রোগী ও কৃষকদের চলাচল প্রায় বন্ধ হয়ে যেত। নতুন করে ইটের সোলিং নির্মাণ কাজ শুরু হওয়ায় এখন তারা স্বস্তি অনুভব করছেন।
তারা আরও জানান, এই সড়কটি চালু হলে কৃষিপণ্য পরিবহন সহজ হবে, বাজার জাত করণে সময় ও খরচ কমবে এবং সামগ্রিক ভাবে এলাকার অর্থনৈতিক কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়বে। ফলে স্থানীয়দের জীবনযাত্রার মান উন্নয়নে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মনে করেন।
সংশ্লিষ্টরা আশা করছেন, নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন হলে সড়কটি এলাকার মানুষের জন্য এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

