লিডসদরসাতক্ষীরা জেলা

আজ সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন

মেহেদী হাসান শিমুল: আজ সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির ২০২৬-২০২৭ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন। নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে আদালতপাড়াজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শেষ মুহূর্তে প্রার্থীদের কাছে ভোটারদের কদরও বেড়েছে, চলছে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মোট ১৩টি পদের বিপরীতে ২৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে কোষাধ্যক্ষ পদে একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ায় নরেশ মল্লিককে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়েছে। ফলে বাকি ১২টি পদের বিপরীতে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আব্দুল মান্নান বাবলু ও গোলাম নবী। সহ-সভাপতি (২টি পদ) পদে প্রার্থী হয়েছেন আব্দুর রহমান, এস এম ইয়াহিয়া আলম, কাজী শাহাদাত হোসেন মাসুম ও মো. এনায়েত করিম।

সাধারণ সম্পাদক পদে লড়ছেন সাইফুল ইসলাম বাবু, মো. কামরুল ইসলাম ও এম. শফিকুল ইসলাম। যুগ্ম সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেবাশীষ সরকার ও আবু সাঈদ। সহ-সম্পাদক পদে রয়েছেন বিধান চন্দ্র মণ্ডল ও মেহেদী হাসান।

সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আব্দুস সাত্তার ও ইসমাইল হোসেন। এছাড়া সদস্য পদে ৫টি আসনের বিপরীতে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন মো. আবু রায়হান, মো. খুরশিদুজ্জামান লাবু, আরাফাত হোসেন, রবিউল ইসলাম, গোলাম হোসেন লিমন, রেজাউল করিম, হারুন অর রশিদ ও মনিরুল ইসলাম।

প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. আব্দুস সবুর জানান, ২৩ এপ্রিল সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সমিতির দ্বিতীয় তলায় বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আসন্ন নির্বাচনকে ঘিরে আইনজীবী সহকারীদের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *