কালিগঞ্জরাজনীতিলিডসাতক্ষীরা জেলা

কালিগঞ্জ থানার ওসির বিরুদ্ধে দায়িত্বহীনতার অভিযোগ

কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেনের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা, পক্ষপাতিত্ব এবং আদালতের নির্দেশনা উপেক্ষার অভিযোগ উঠেছে। স্থানীয় ভুক্তভোগীদের দাবি, জমি সংক্রান্ত বিরোধসহ বিভিন্ন ঘটনায় আদালতের স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ থাকা সত্ত্বেও পুলিশ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।

বুধবার (২২ এপ্রিল) সরেজমিনে জানা যায়, উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের মাদকাটি গ্রামের প্রবাসী জাফর আলী গাজীর স্ত্রী সালমা বেগম অভিযোগ করেন, ১৪৫ ধারায় মামলা চলমান থাকলেও প্রতিপক্ষ আদালতের নির্দেশ অমান্য করে দখল ও ঘর নির্মাণ চালিয়ে যাচ্ছে।

এ বিষয়ে থানায় একাধিকবার জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।একইভাবে রতনপুর ইউনিয়নের দুলাবালা গ্রামে হামলার ঘটনায় আহত আলমগীর হোসেন ও তার পরিবার অভিযোগ করেন, বারবার যোগাযোগ করেও থানার পক্ষ থেকে কোনো সহায়তা পাননি। শ্রীকলা গ্রামেও আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে, যেখানে পুলিশি পদক্ষেপ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।

স্থানীয়দের দাবি, অনেক ক্ষেত্রে থানায় অভিযোগ গ্রহণে গড়িমসি করা হয় এবং কিছু ঘটনায় অনিয়মের অভিযোগও রয়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা বাড়ছে।

এ বিষয়ে ওসি জুয়েল হোসেন বলেন, অভিযোগ সম্পর্কে তিনি অবগত থাকলেও এ নিয়ে মন্তব্য করতে অনাগ্রহ প্রকাশ করেন।এদিকে, ভুক্তভোগীরা জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

স্থানীয় সচেতন মহলের মতে, আইনের শাসন ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সক্রিয় ও জবাবদিহিমূলক ভূমিকা অপরিহার্য। অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত না হলে জনআস্থা আরও ক্ষতিগ্রস্ত হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *