সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার লাবসা ফুটবল মাঠে ১৬ দলীয় নকআউট ভিত্তিক এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সাতক্ষীরা জেলা শাখার প্রধান সমন্বয়ক মো. কামরুজ্জামান বুলু।
এসময় আরও উপস্থিত ছিলেন- জেলা শাখার যুগ্ম সমন্বয়ক আলহাজ্ব শেখ আহছান উল্লাহ, সমন্বয়কারী সদস্য সিএম নাজমুল ইসলাম, সাবেক জাতীয় মহিলা ফুটবল দলের খেলোয়াড় খাদিজা আখতার চায়না, বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল হোসেন ও সোহরাব হোসেন, ক্রীড়াবিদ মেহেরুল আলম মনি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় যুবসমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আকৃষ্ট করাই এ টুর্নামেন্ট আয়োজনের মূল লক্ষ্য। তারা আশা প্রকাশ করেন- এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে সুস্থ, মেধাবী ও সৃজনশীল প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এনসিপি সাতক্ষীরা জেলা শাখার প্রতিনিধি পলাশ হোসেনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত উদ্বোধনী খেলায় বাঁশদহা ইউনিয়ন ১–০ গোলে জয় পায় বল্লী ইউনিয়নের বিপক্ষে। পুরো ম্যাচজুড়ে উত্তেজনা বিরাজ করে, দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে মাঠে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন শেখ আব্দুল্লাহ।

