কলারোয়ায় জমি দখল-হয়রানির প্রতিবাদে লতিফ দফাদারের বিরুদ্ধে মানববন্ধন
মেহেদী সোহাগ, কলারোয়া: সাতক্ষীরার কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পাকুড়িয়া মাঠপাড়ায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লতিফ দফাদারের বিরুদ্ধে জমি দখল, মিথ্যা মামলা, জোরপূর্বক ফসল কেটে নেওয়া এবং দীর্ঘদিন ধরে নানান ধরনের অত্যাচারের অভিযোগ এনে মানববন্ধন করেছেন স্থানীয় ভুক্তভোগীরা। শুক্রবার বিকেলে যে জমি ও ঘেরকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়েছে, সেই ঘেরের ভেতরেই এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার নারী–পুরুষ, কৃষক ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগীরা অভিযোগ করেন, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে নিজের প্রভাব খাটিয়ে লতিফ দফাদার দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের ওপর অত্যাচার চালিয়ে আসছেন। তার বিরুদ্ধে জমি দখল, ভয়ভীতি প্রদর্শন, মিথ্যা হয়রানি মামলা দেওয়া, জোর করে ফসল কেটে নেওয়া এবং পারিবারিক জমি দখলের একাধিক ঘটনা রয়েছে। এসব ঘটনায় বহু পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ও সামাজিকভাবে অপমানিত হয়েছেন বলে অভিযোগ করেন তারা।
অভিযোগকারী জিয়াউর রহমান, নজরুল মিস্ত্রী, হালিম, দিন মোহাম্মদ, সিরাজুল, আবদুল হাই, আসো বিবি, কাঞ্চন বিবি ও অন্যান্য ভুক্তভোগীরা বলেন, লতিফ দফাদার তার দলীয় প্রভাব ব্যবহার করে এলাকায় ত্রাস সৃষ্টি করেছেন। তার এসব কাজের প্রতিবাদ করলে বা তার অনৈতিক কর্মকাণ্ডের বিরোধিতা করলে বিভিন্নভাবে হয়রানিমূলক মামলা ও হামলার শিকার হতে হয়।
বিরোধপূর্ণ জমি ও ঘেরকে কেন্দ্র করে সমস্যাটি চলমান থাকায় মানববন্ধনটি অনুষ্ঠিত হয় সেই ঘেরের ভেতরেই। এতে গ্রামবাসী প্রতীকীভাবে দেখাতে চান যে- তাদের জমির ওপর অন্যায়ভাবে দখল ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চালানো হচ্ছে, যা তাদের মৌলিক অধিকার লঙ্ঘন করছে।
ভুক্তভোগীরা বলেন, এই জমিই আমাদের জীবিকা, এই জমি থেকেই আমাদের পরিবারের চাষাবাদ হয়। কিন্তু লতিফ দফাদার নানা কৌশলে জমি দখলের চেষ্টা করছেন। তার ভয়ভীতির কারণে অনেকেই মুখ খুলতে সাহস পায় না।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, একাধিকবার স্থানীয় পর্যায়ে অভিযোগ জানানো হলেও সঠিক বিচার বা প্রতিকার পাওয়া যায়নি। তাই তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও নিরপেক্ষ তদন্তের দাবি করেন। আমরা ন্যায়বিচার চাই, শান্তিতে থাকতে চাই। ক্ষমতার জোরে কেউ যেন আমাদের জমি দখল করতে না পারে-এই দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। কৃষক পরিবারগুলো আতঙ্কে দিন কাটাচ্ছে। অনেকেই জানিয়েছেন, লতিফ দফাদারের বিরুদ্ধে মুখ খুললে তাঁদের উপর আরও হয়রানি নামতে পারে বলে ভয় পান তারা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, দেশের আইন ও প্রশাসনের উপর আস্থা আছে। আমরা চাই, নিরপেক্ষ তদন্ত করে লতিফ দফাদারের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

