কলারোয়ালিডসদরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরায় বিজিবির অভিযানে সাড়ে ৪ লাখ টাকার মাদক ও চোরাচালানী পণ্য জব্দ

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে সাড়ে চার লক্ষাধিক টাকার অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৪ জুন) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর আওতাধীন পদ্মশাখরা, কাকডাঙ্গা, মাদরা ও সুলতানপুর বিওপির টহল দল নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করে।

বিজিবি সূত্রে জানা যায়, পদ্মশাখরা বিওপির একটি বিশেষ আভিযানিক দল সীমান্তের মেইন পিলার-১ থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পদ্মশাখরা ভাঙ্গার মুখ এলাকা থেকে ৩৬ হাজার টাকা মূল্যের ভারতীয় উইনসেরেক্স (WINCEREX) কফ সিরাপ জব্দ করে।

অন্যদিকে কাকডাঙ্গা বিওপির দল সীমান্ত পিলার ১৩/৩ এস-এর ৩ আরবি পয়েন্ট থেকে প্রায় ৫০০ গজ ভেতরে কেড়াগাছি এলাকা থেকে ১৬ হাজার টাকা মূল্যের এসকুফ (ESKUF) কফ সিরাপ উদ্ধার করে।

এছাড়া মাদরা বিওপির সদস্যরা সীমান্ত পিলার ১৩/৩ এস-এর ৮ আরবি পয়েন্ট সংলগ্ন উত্তর ভাদিয়ালি এলাকা থেকে ১ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও সিলডেনাফিল ট্যাবলেট জব্দ করে।

একই দিনে সুলতানপুর বিওপির টহল দল সীমান্ত পিলার ১৫/৫ এস থেকে প্রায় ২০০ গজ ভেতরে তালসারি এলাকা থেকে ২ লাখ ৬৬ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে।

সব মিলিয়ে অভিযানে মোট ৪ লাখ ৫৫ হাজার ৯০০ টাকা মূল্যের মাদক ও চোরাচালানী পণ্য জব্দ করা হয়েছে।

বিজিবি জানায়, চোরাকারবারীরা শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। এ ধরনের চোরাচালানের ফলে দেশের রাজস্ব আয় ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং স্থানীয় শিল্পও হুমকির মুখে পড়ছে।

এদিকে, সীমান্তে বিজিবির এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা চোরাচালান রোধে এমন অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *