সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ
গাজী হাবিব, সাতক্ষীরা: সাতক্ষীরা সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ১৫ লাখ টাকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, চিংড়ি মাছের রেনুপোনা ও ঔষধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (০৬ মে) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধীনস্থ মাদরা, কাকডাঙ্গা ও ভোমরা বিওপির টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে।
বিজিবি সূত্র জানায়, মাদরা বিওপির একটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ১০ আরবি থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন শ্মশানঘাট এলাকা থেকে ১ লাখ ৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করে।
একইভাবে কাকডাঙ্গা বিওপির আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৪ আরবি থেকে প্রায় ৪০০ গজ ভেতরে কলারোয়া থানার কেরাগাছি এলাকা থেকে ৩ লাখ ৪৪ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে।
এছাড়া ভোমরা বিওপির একটি বিশেষ দল সাতক্ষীরা সদর থানার কুলিয়া রোড ভাঙ্গা ব্রিজ এলাকা থেকে আনুমানিক ১০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় চিংড়ি মাছের রেনুপোনা জব্দ করে।
জব্দকৃত মালামালের মোট আনুমানিক মূল্য ১৪ লাখ ৯৯ হাজার টাকা।
বিজিবি জানায়, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে পাচার করা হচ্ছিল। এ ধরনের চোরাচালানের ফলে একদিকে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।
স্থানীয়রা বিজিবির এ ধরনের অভিযানকে সাধুবাদ জানিয়ে সীমান্ত এলাকায় চোরাচালান রোধে এ কার্যক্রম আরও জোরদার করার দাবি জানিয়েছেন।

