সাতক্ষীরা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চিংড়ীরেনুসহ প্রায় ১৮ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ
গাজী হাবিব, সাতক্ষীরা: সাতক্ষীরা সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় চিংড়ি মাছের রেণুপোনা, মোবাইল ফোনের যন্ত্রাংশসহ বিভিন্ন ধরনের পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ১৮ লাখ টাকা।
শনিবার (২ মে) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধীনস্থ কাকডাঙ্গা, মাদরা, সুলতানপুর, ভোমরা, পদ্মশাখরা ও চান্দুরিয়া বিওপি এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে।
বিজিবি সূত্র জানায়, কাকডাঙ্গা বিওপির দুটি আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস সংলগ্ন কেড়াগাছি ও গেড়াখালী এলাকা থেকে ১ লাখ ৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করে। মাদরা বিওপি শ্মশানঘাট আমবাগান এলাকা থেকে ১ লাখ ৪৩ হাজার টাকা এবং সুলতানপুর বিওপি তালশাড়ি এলাকা থেকে ১ লাখ ৫ হাজার টাকা মূল্যের মোবাইল ফোনের যন্ত্রাংশ উদ্ধার করে।
অন্যদিকে, ভোমরা বিওপি সাতক্ষীরা সদর উপজেলার আনসারের মোড় এলাকা থেকে ৫ লাখ টাকা এবং পদ্মশাখরা বিওপি শাখরা আশার মোড় এলাকা থেকে ৬ লাখ টাকা মূল্যের ভারতীয় চিংড়ির রেণুপোনা জব্দ করে। ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প ১ লাখ ১ হাজার ৭৫০ টাকা মূল্যের পাতার বিড়ি ও নবরত্ন তেল আটক করে।
এছাড়া, চান্দুরিয়া বিওপি আমবাগান এলাকা থেকে ২ লাখ ৩৭ হাজার ৩০০ টাকা মূল্যের মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করতে সক্ষম হয়।
সব মিলিয়ে অভিযানে মোট ১৭ লাখ ৯২ হাজার ৫০ টাকা মূল্যের চোরাচালানী মালামাল উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, চোরাকারবারীরা শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। এ ধরনের চোরাচালান দেশের রাজস্ব আয়ে বড় ধরনের ক্ষতি করছে এবং দেশীয় শিল্পের জন্য হুমকি সৃষ্টি করছে।
এদিকে, স্থানীয়রা বিজিবির এমন অভিযানে সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

