যশোরে উলাশী খাল পুনঃখনন এবং মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
হাসানূল কবীর: যশোরের শার্শা উপজেলার বেত্রাবতী নদীর সাথে সংযুক্ত উলাশীর যদুনাথপুর এলাকার চার কিলোমিটার দীর্ঘ খাল পুনঃখনন এবং যশোরে ৫০০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
২৭ এপ্রিল (সোমবার) উক্ত কর্মসূচি দুইটির উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান যশোর বিমানবন্দরে সকাল ১০টার দিকে অবতরণ করে। যশোর বিমানবন্দর থেকে নেমে প্রধানমন্ত্রী নেতাকর্মীদের অভিবাদন গ্রহণ করেন। সেখানে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে অভ্যর্থনা ও শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন- যশোরের কৃতি সন্তান বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আরো উপস্থিত ছিলেন- যশোর ৮৫/১ (শার্শা) আসনের সংসদ সদস্য মাওলানা আজিজুর রহমান; বিএনপি’র কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ; উলাশী ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল হামিদ, সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান; উলাশী ওয়ার্ড বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী।

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সকাল থেকেই যশোর বিমানবন্দর এলাকা ও শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। হাজারহাজার নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষ তাকে স্বাগত জানাতে রাস্তার দুইপাশে অবস্থান নেয়। স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দলীয় নেতারা তার সফরসূচি সফল করতে আপ্রাণ চেষ্টা করেন।
প্রধানমন্ত্রী নির্ধারিত বাসে করে যশোরের শার্শা উপজেলার উলাশীর উদ্দেশ্যে রওনা দেন। প্রধানমন্ত্রী ১১টা ৪২ মিনিটে অনুষ্ঠানস্থলে পৌঁছান এবং ফলক উন্মোচন ও মোনাজাত শেষে বেলা ১১টা ৫৫ মিনিটে নিজ হাতে মাটি কেটে এই কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন- পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, স্বাস্থ্য প্রতিমন্ত্রী সরদার সাখাওয়াত সহ সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।
প্রধানমন্ত্রী খালে নেমে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন। তখন স্থানীয়রা জানান, এই খাল পুনঃখনন হলে এলাকার কৃষকরা সেচ সুবিধার মাধ্যমে ফসল উৎপাদনে ব্যাপক ভূমিকা রাখবে।
ঐতিহাসিক উলাশী খালটি ১৯৭৬ সালের ১লা নভেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ৪ কিলোমিটার দীর্ঘ এই খালটি খনন কাজ নিজ হাতে উদ্বোধন করেছিলেন, তখন থেকেই এটা ‘জিয়ার খাল’ নামে পরিচিত। নির্বাচনী ইশতিহার অনুযায়ী সারাদেশ ব্যাপী খালখনন কর্মসূচির আওতায় দীর্ঘ ৫ দশক পর একই স্থানে পুনঃখনন কাজ শুরু করেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।
উলাশী জিয়া খাল পুনঃখনন উদ্বোধন ও বক্তৃতা শেষে উপস্থিত সাংবাদিকবৃন্দ বেনাপোল বন্দরে একটি আধুনিক হাসপাতাল নির্মাণের দাবী জানালে প্রধানমন্ত্রী বিষয়টিকে গুরুত্ব দিয়ে বেনাপোলে একটি হাসপাতাল স্থাপনের আশ্বাস প্রদান করেন। এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপস্থিত মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রীকে নির্দেশ প্রদান করেন। এতে বেনাপোলবাসীর দীর্ঘদিনের একটি দাবী পূরণ হলো। এছাড়া তিনি গৃহিণীদের রান্নার কষ্ট লাঘবে এলপিজি গ্যাসের কার্ডের ব্যবস্থা এবং জলবায়ু ও পরিবেশ রক্ষায় সারাদেশ ব্যাপী বৃক্ষ রোপণ করবেন বলে আশ্বাস দেন।
প্রধানমন্ত্রী উলাশী খাল খনন কর্মসূচি উদ্বোধন ও বক্তৃতা শেষে দুপুর ১টা ১৫ মিনিটে যশোর ৫০০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন। এরপর দুপুর ১টা ৩৫ মিনিটে যশোর পাবলিক লাইব্রেরি পরিদর্শন করেন। এছাড়া বিকেল ৩টা ৩০ মিনিটে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত জনসভায় ভাষণ দেন।

