সুন্দরবনের রায়মঙ্গল নদীতে নৌকা ডুবি: ৪ মৌয়াল উদ্ধার, নিখোঁজ ৪
স্টাফ রিপোর্টার: সুন্দরবনে মধু আহরণ করতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবির ঘটনায় চার জন মৌয়ালকে উদ্ধার করা হলেও আরও চার জন এখনো নিখোঁজ রয়েছেন। গত সোমবার ৬ এপ্রিল রাতে সুন্দরবনের কাচিকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভাসতে ভাসতে, পরের দিন মঙ্গলবার সন্ধ্যা নাগাদ সুন্দরবনের হলদিবুনিয়া ফরেস্ট টহলফাঁড়ি এলাকায় গেলে তাদের কে উদ্ধার করে অফিসে নিয়ে আসা হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, বৈরী আবহাওয়ার মধ্যে মধু আহরণ করার সময়ে মৌয়ালদের বহনকারী একটি ট্রলার গত সোমবার রাতে আকস্মিক ঝড়ের কবলে পড়ে রায়মঙ্গল নদীতে ডুবে যায়। খবর পেয়ে বন বিভাগের সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। মঙ্গলবার হলদিবুনিয়া এলাকা থেকে চার জন মৌয়ালকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধারকৃতরা হলেন, শ্যামনগরের গোদাড়া গ্রামের সবুর খান, মনিরুল ইসলাম, আল মাহমুদ শেখ ও ইউনুস আলী। তাদের প্রাথমিকভাবে চিকিৎসা দিয়ে বৃহষ্পতিবার রাতে লোকালয়ে নিয়ে আসা হয়।
অন্যদিকে নিখোঁজ মৌয়ালরা হলেন, শ্যামনগর উপজেলার গোদাড়া এলাকার আমির মোল্লার ছেলে আকবর, ওহিদ মোল্লার ছেলে ওলিউর রহমান, আঃ রহমান গাজীর ছেলে মিকাইল হোসেন এবং আউব আলীর ছেলে ইকরামুল কবির।
বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা ও ফরেস্ট রেঞ্জার ফজলুল হক জানান, গত পহেলা এপ্রিল বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে বৈধ পাস নিয়ে মৌয়ালরা সুন্দরবনে মধু আহরণে প্রবেশ করেন। গত সোমবার রাতে ঝড়ের কবলে পড়ে একটি ট্রলারসহ আট সদস্যের একটি মৌয়াল দল। দুর্ঘটনার খবর পেয়ে মঙ্গলবার রাতে বন বিভাগের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধার করা হয় চারজনকে। এখনো নিখোঁজদের সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে। তাছাড়া বনবিভাগের পক্ষ থেকে শ্যামনগর থানা, কোষ্ট গার্ড ও বিজিবি কে জানানো হয়েছে।

