সৌদির সঙ্গে মিল রেখে সাতক্ষীরার কয়েকটি গ্রামে ঈদুল আযহা উদযাপন
স্টাফ রিপোর্টার: বরাবরের মত এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরা সদর, শ্যামনগর ও তালা উপজেলার বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি গ্রামে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হয়েছে।
শুক্রবার (৬ জুন) সকালে জেলার ওই সব উপজেলার বিভিন্ন মসজিদে এ ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা সদর উপজেলার ভাড়ুখালী আহলে সুন্নাত আল জামায়াত জামে মসজিদে সকাল ৭টা ৪৫ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন মাওলানা মাহবুবুর রহমান। একই সময়ে বাওখোলা পূর্বপাড়া জামে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। যেখানে ইমামতি করেন মাওলানা মো. মোহাব্বত আলী।
শ্যামনগরের কাশিমাড়ী, তালার ইসলামকাটি, কলারোয়ার গোয়ালচাতর, সদরের ভাদড়া, ঘোনা, মিরগিডাঙ্গাসহ আশপাশের কয়েকটি গ্রামের মুসল্লিরা এসব জামাতে অংশ নেন। পুরুষদের পাশাপাশি নারীরাও ঈদের জামাতে শরিক হন।
স্থানীয় মুসল্লি রবিউল ইসলাম জানান, সাতক্ষীরা জেলায় ২০টির অধিক গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করা হচ্ছে। তারা দীর্ঘদিন ধরে এই নিয়ম অনুসরণ করে আসছেন এবং আগামীতেও তা অব্যাহত থাকবে।
স্থানীয় মুসল্লিদের মতে, বিগত এক যুগ ধরে তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজ আদায় করে আসছেন। সেই ধারাবাহিকতায় এবারও সৌদি আরবের নির্ধারিত তারিখ অনুযায়ী শুক্রবার ঈদ উদযাপন করেন তারা। নামাজ শেষে মুসল্লিরা মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি দেন।

