সাতক্ষীরায় ন্যায়কুঞ্জ উদ্বোধন করলেন বিচারপতি মাহমুদুল হক
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মাহমুদুল হক বলেছেন, সাতক্ষীরায় পৌনে এক লক্ষ মামলা পেন্ডিং রয়েছে। এসব মামলা দ্রুত নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্ট থেকে ১২ দফা নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার (৫ মে) সকাল ১০টায় সাতক্ষীরা আদালত প্রাঙ্গণে বিচার প্রার্থীদের জন্য নির্মিত ন্যায়কুঞ্জ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, মামলার কারণে প্রতিদিন দূর-দূরান্ত থেকে শত শত মানুষ আদালত প্রাঙ্গণে আসেন। তাদের পানাহার, বিশ্রাম ও বাথরুম ব্যবহারের সুবিধা নিশ্চিতকরণে দেশের অন্য জেলার ন্যায় সাতক্ষীরাতেও ন্যায়কুঞ্জ নির্মিত হয়েছে। এছাড়া মামলাজট নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্ট থেকে ১২ দফা নির্দেশনা দেওয়া হয়েছে। এই জট একদিনে সৃষ্টি হয়নি। এগুলো শতবছরের। একসময় একটি জেলায় এক থেকে দুইজন বিচারক থাকতো, কিন্তু বর্তমানে সেই ব্যবস্থা অনেক উন্নত। এখন মামালার চেয়ে মামলা নিষ্পত্তির সংখ্যা বেশি।
ন্যায়কুঞ্জ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ নজরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শাহ আলম, সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক, জিপি অ্যাড. অসিম কুমার মন্ডল, পিপি অ্যাড. মোঃ আব্দুস সাত্তার প্রমুখ।
ন্যায়কুঞ্জ উদ্বোধন শেষে বিচারপতি মাহমুদুল হক আদালত প্রাঙ্গণে একটি নিম গাছের চারা রোপণ করেন।
পরে তিনি সাতক্ষীরা জেলার দর্শনীয় স্থান কালিগঞ্জের নলতা শরীফ, দেবহাটার মিনি সুন্দরবন ও ভোমরা স্থলবন্দর পরিদর্শন করেন।

