সাতক্ষীরায় শ্রী শ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা সম্পন্ন
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশ ও বিপুল ভক্ত-সমাগমের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা-২০২৬ সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে শহরের পুরাতন সাতক্ষীরা কেন্দ্রীয় মন্দির (মায়ের বাড়ি) নাটমন্দির প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
জয় মহাপ্রভু সেবক সংঘ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে এবং সাতক্ষীরা জেলা মন্দির সমিতির সহযোগিতায় এ উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক বাসুদেব বসু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু এবং জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ আব্দুর রউফ।
এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ, সাতক্ষীরা জেলা মন্দির সমিতির সভাপতি আইনজীবী সোমনাথ ব্যানার্জি, সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সাতক্ষীরা জেলার আহ্বায়ক আইনজীবী অসীম মন্ডলসহ বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক ভক্ত অংশ নেন।
জয় মহাপ্রভু সেবক সংঘ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ডা. সুশান্ত কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা মন্দির সমিতির সহ-সম্পাদক সঞ্জীব ব্যানার্জী। ধর্মীয় আচার-অনুষ্ঠান ও আলোচনা শেষে ভক্তদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য উল্টো রথযাত্রা বের করা হয়। ভক্তরা ভগবান শ্রীশ্রী জগন্নাথদেবের রথ টেনে ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

