কালিগঞ্জে ইজিবাইক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন
তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর, কৃষ্ণনগর ও বাঁশতলা সড়কের ইজিবাইক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ মে) বেলা ১টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত গোপন ব্যালটের মাধ্যমে শ্রীধরকাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক অশোক কুমার মন্ডল। সভাপতি পদে তিনজন, সাধারণ সম্পাদক পদে দুইজন এবং কোষাধ্যক্ষ পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ১৩৪ জন ভোটারের মধ্যে ১২৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট গণনা শেষে সভাপতি পদে এনামুল হোসেন ৪৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোমিনুর রহমান পান ৪১ ভোট এবং গোপাল বিশ্বাস পান ৩৫ ভোট।
সাধারণ সম্পাদক পদে জাকির হোসেন বিপুল ভোটে বিজয়ী হন,তিনি পান ৯৯ ভোট। অপর প্রার্থী মোঃ পলাশ হোসেন পান ২৬ ভোট।
কোষাধ্যক্ষ পদে নজরুল ইসলাম ৮৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী আব্দুর রউফ পান ৩৮ ভোট।
নির্বাচন উপলক্ষে কেন্দ্র এলাকায় উৎসব মুখর পরিবেশ বিরাজ করে। ভোট গ্রহণ শেষে বিজয়ীদের সমর্থকদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।
নির্বাচনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর খান, ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুস সালাম, বিষ্ণুপুর ইউনিয়ন যুবদলের সভাপতি শেখ আব্দুর করিম, চৌমুহনী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জামসেদ মোড়ল ও কোষাধ্যক্ষ আবজাল হোসেন ময়না।
এছাড়া নির্বাচন পরিচালনায় উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন নাজমুল হোসেন, আবুল বাশার, রাহায়ান হোসেন, তাসিম, শফিকুল ও সোমনাথ।

