খেলাধূলাজাতীয়লিডসদরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরায় তিন দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

স্টাফ রিপোর্টার: ছোট ছোট শিক্ষার্থীদের পদচারণায় মুখর সাতক্ষীরা স্টেডিয়াম। রঙিন জার্সি, উচ্ছ্বাস আর প্রতিযোগিতার আগ্রহে ভরপুর শিশুদের উপস্থিতিতে যেন এক উৎসবের আবহ তৈরি হয়। সেই আবহেই শুরু হলো প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬।

বুধবার (২৯ এপ্রিল) সকালে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও ফেস্টুন উড়িয়ে তিন দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার।

এ সময় মাঠজুড়ে করতালি আর উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো স্টেডিয়াম। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী আয়োজনে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, বিপিএম।

এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্ত, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা জামায়াতের নায়েবে আমীর মো. নূরুল হুদা, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমান, সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু, সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মিনি, শহর জামায়াতের সেক্রেটারি খোরশেদ আলম প্রমুখ। জেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তাদের পাশাপাশি অভিভাবক, শিক্ষক ও ক্রীড়াপ্রেমী মানুষে ভরে ওঠে গ্যালারি।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা শেষে এবার জেলা পর্যায়ের খেলায় অংশ নিচ্ছে বিভিন্ন উপজেলার চ্যাম্পিয়ন দলগুলো।

উদ্বোধনী দিনে মোট ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হয়। বালক বিভাগে আশাশুনির আনুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে দেবহাটার টাউন শ্রীপুরকে হারায়। কালিগঞ্জের গনেশপুর ৫-২ গোলে কলারোয়ার কয়লাকে পরাজিত করে। ভাড়ুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ৭-৬ গোলে হরিণনগর হাটখোলাকে হারায়। বালিকা বিভাগে কালিগঞ্জের এনএনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে কলারোয়ার মেহমানপুরকে হারায়। দেবহাটার হাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৬-৫ গোলে আশাশুনির সরাপপুরকে পরাজিত করে এবং পূর্ব মিরগাং ৪-০ গোলে ছয়ঘরিয়াকে হারায়।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও সহিষ্ণুতা গড়ে তোলে। এ ধরনের আয়োজন তাদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি করে। এই টুর্নামেন্ট শুধু প্রতিযোগিতা নয়- শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের এক গুরুত্বপূর্ণ মাধ্যম। টুর্নামেন্টটি চলবে আগামী ১ মে পর্যন্ত। সেদিন বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। ততদিন মাঠে গড়াবে ছোটদের বড় স্বপ্নের ফুটবল লড়াই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *