লিডসদরসাতক্ষীরা জেলা

বিজিবির অভিযানে সাতক্ষীরায় ৬৩ লাখ টাকার স্বর্ণসহ নারী আটক

গাজী হাবিব: সাতক্ষীরায় ভারতে পাচারের সময় প্রায় ৬৩ লাখ টাকা মূল্যের দুটি স্বর্ণের বারসহ এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার আলিপুর এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটক নারী শিউলি আক্তার (২৩) শহরের তালতলা এলাকার জুবায়ের আলমের স্ত্রী। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সাতক্ষীরা-৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, ভারতে স্বর্ণ পাচারের গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা শহরের বিভিন্ন স্থানে অবস্থান নেয়। বৃহস্পতিবার বিকেলে খুলনা রোড মোড় থেকে ইজিবাইকে করে ভোমরা সীমান্তের দিকে যাচ্ছিলেন শিউলি আক্তার। এ সময় আলিপুর এলাকায় তাঁকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। বিজিবি জানায়, উদ্ধার হওয়া স্বর্ণের ওজন ২৯৬ গ্রাম ৪০ মিলিগ্রাম, যার বাজারমূল্য ৬২ লাখ ৯৩ হাজার ৮১০ টাকা। জব্দ স্বর্ণ সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা করা হয়েছে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার বিকেলে আটক নারীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *