কলারোয়াসদরসাতক্ষীরা জেলা

আসামী ছাড়াই সাতক্ষীরার সীমান্ত থেকে পাঁচ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ

গাজী হাবিব: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে আসামী ছাড়াই পাঁচ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করেছে  ৩৩ বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, সোমবার (১৩ এপ্রিল) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ কাকডাঙ্গা, তলুইগাছা, মাদরা ও ভোমরা বিওপি’র টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে ভারতীয় শাড়ি, বিভিন্ন প্রকার ঔষধ, সিন্ডেনাফিল ট্যাবলেট এবং বিভিন্ন ব্র্যান্ডের ৬টি মোবাইল ফোন জব্দ করা হয়।

কাকডাঙ্গা বিওপির একটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৬ আরবি পয়েন্ট থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া উপজেলার ভাদিয়ালি রাজ্জাকের মোড় এলাকা থেকে ৮০ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করে।

তলুইগাছা বিওপির সদস্যরা সীমান্ত পিলার ১৩/৩-এস এর ২ আরবি পয়েন্ট থেকে প্রায় ১০০ গজ অভ্যন্তরে সাতক্ষীরা সদর উপজেলার চারাবাড়ি এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ উদ্ধার করে।

মাদরা বিওপির আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ১৪ আরবি পয়েন্ট সংলগ্ন কলারোয়া উপজেলার সুইজগেট এলাকা থেকে ৭৫ হাজার টাকা মূল্যের সিন্ডেনাফিল ট্যাবলেট জব্দ করে।

অপরদিকে, ভোমরা বিওপির টহলদল সীমান্ত পিলার ৩ এর প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর উপজেলার ফল মোড় এলাকা থেকে ১ লাখ ২৫ হাজার টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের ৬টি মোবাইল ফোন জব্দ করে।

বিজিবি জানায়, জব্দকৃত মালামালের মোট মূল্য ৫ লাখ ২৭ হাজার ২৫০ টাকা।

বিজিবি আরও জানায়, চোরাকারবারীরা শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। এ ধরনের চোরাচালান কার্যক্রম দেশের অর্থনীতি ও দেশীয় শিল্পের জন্য ক্ষতিকর এবং সরকারের বিপুল রাজস্ব ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে।

সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *