তালাপাটকেলঘাটাসাতক্ষীরা জেলা

পাটকেলঘাটায় জ্বালানি তেলের তীব্র সংকট, বিপাকে চালক ও সাধারণ মানুষ

শাহিন বিশ্বাস, পাটকেলঘাটা: সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় হঠাৎ করেই তীব্র জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। পেট্রোল ও অকটেনের অভাবে উপজেলার অধিকাংশ ফিলিং স্টেশনে যানবাহন চালকদের ভিড় থাকলেও তেল না পেয়ে হতাশ হয়ে ফিরে যেতে হচ্ছে তাদের। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল চালকসহ বিভিন্ন যানবাহনের চালকরা।

সোমবার (৯ মার্চ) সারাদিন তালা উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে এমন চিত্র দেখা গেছে। পাটকেলঘাটার মজুমদার তেল পাম্পে পাম্পের চারপাশ দড়ি দিয়ে ঘিরে রাখা হয়েছে এবং সেখানে পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রি বন্ধ রয়েছে বলে জানানো হয়।

এদিকে মির্জাপুর ফিলিং স্টেশনে পেট্রোল না থাকার কথা উল্লেখ করে মেশিনের গায়ে নোটিশ টানানো দেখা গেছে। তবে সেখানে সীমিত পরিসরে ডিজেল বিক্রি করতে দেখা যায়। একই চিত্র দেখা গেছে পাটকেলঘাটার নোয়াপাড়া তেল পাম্পে। সেখানে পেট্রোল ও অকটেন না থাকলেও কিছু পরিমাণ ডিজেল বিক্রি করা হচ্ছে।

অন্যদিকে ৩০ মাইল লস্কার তেল পাম্পও দড়ি দিয়ে ঘিরে রাখা হয়েছে, ফলে গ্রাহকরা তেল সংগ্রহ করতে না পেরে ফিরে যাচ্ছেন।

পাটকেলঘাটা ওভারব্রিজ এলাকায় কথা হয় কয়েকজন মোটরসাইকেল চালকের সঙ্গে। তারা জানান, সারাদিন মোটরসাইকেল চালিয়ে যে আয় হয় তা দিয়েই তাদের সংসার চলে। কিন্তু পাম্পগুলোতে পেট্রোল ও অকটেন না থাকায় তারা কর্মহীন হয়ে পড়েছেন। ফলে পরিবার নিয়ে চরম কষ্টে দিন পার করতে হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ফিলিং স্টেশনের কর্মকর্তা জানান, তেল সংগ্রহের জন্য তারা ডিপোতে গাড়ি পাঠিয়েছিলেন। প্রায় সাত হাজার টাকা ভাড়া খরচ করেও মাত্র ৩০ হাজার টাকার ডিজেল সরবরাহ পেয়েছেন। সেই সীমিত ডিজেলই এখন গ্রাহকদের মধ্যে বিতরণ করা হচ্ছে, যা রাতের মধ্যেই শেষ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মির্জাপুর শাপলা ফিলিং স্টেশনের এক কর্মকর্তা বলেন, আমাদের পাম্পেও পেট্রোল ও অকটেন নেই। সীমিত পরিসরে শুধু ডিজেল দেওয়া হচ্ছে।

এদিকে জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশে বর্তমানে প্রায় ১৪ থেকে ১৫ দিনের জ্বালানি তেলের মজুত রয়েছে। তবে স্থানীয় পর্যায়ে সরবরাহ সংকটের কারণে পাটকেলঘাটাসহ আশপাশের এলাকায় তীব্র ভোগান্তি তৈরি হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও যানবাহন চালকরা দ্রুত জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *