কালিগঞ্জসাতক্ষীরা জেলা

কালিগঞ্জে বিকাশ এজেন্টকে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: সাতক্ষীরা কালিগঞ্জের কৃষ্ণনগর এলাকায় এক বিকাশ এজেন্টের ওপর সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের হামলায় তিনি গুরুতর আহত হয়েছেন এবং অস্ত্রের মুখে তার কাছ থেকে প্রায় ১০ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। রবিবার (৮ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম মৌতলা গ্রামের মৃত মো. ওলি আহম্মেদের ছেলে মো. মোকলেছুর রহমান (৩৫) পেশায় একজন বিকাশ এজেন্ট।

রবিবার দুপুর আনুমানিক ২টার দিকে তিনি মোটরসাইকেল যোগে কৃষ্ণনগর বাজারের দিকে যাচ্ছিলেন। পথে আগে থেকে ওত পেতে থাকা একদল সশস্ত্র দুর্বৃত্ত তার পথরোধ করে হামলা চালায়।দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি মারধর করে এবং অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকাভর্তি ব্যাগ জোরপূর্বক ছিনিয়ে নেয়। হামলার সময় তার মাথায় গুরুতর রক্তাক্ত জখম হয় এবং একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঘটনার পর কৃষ্ণনগরসহ আশপাশের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয়রা দ্রুত হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *