তালায় জলাবদ্ধতা নিরসন, চাঁদাবাজ ও মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার ইজ্জত উল্লাহ’র
এম এ মান্নান, তালা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকাল ৪টায় খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ নির্বাচনী জনসভায় ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আকবর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও দল মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ।
ইউপি সদস্য মাওলানা আওরঙ্গজেবের সঞ্চালনায় আয়োজিত নির্বাচনী জনসভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডা. মোঃ মাহমুদুল হক,জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মোঃ সুজায়েত আলী, তালা উপজেলা কর্মপরিষদ সদস্য ডা. আফতাব উদ্দীন, উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু, উপজেলা যুব শক্তির আহ্বায়ক নুসরাত জাহান তমা, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সংগঠক মীর্জা সাকিব ও জেলা যুগ্ম-আহবায়ক মামুন হাওলাদার।
বক্তব্যে অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেন, তালা উপজেলাকে দীর্ঘদিনের জলাবদ্ধতা থেকে মুক্ত করা এবং স্থানীয় হাসপাতালগুলোতে মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা জামায়াতে ইসলামীর অন্যতম অগ্রাধিকার। তিনি বলেন, দলটি ন্যায় ও ইনসাফের ভিত্তিতে একটি কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে চায়।
তিনি আরও বলেন, জনগণের রায়ে জামায়াতে ইসলামী সরকার গঠন করতে পারলে চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসের রাজনীতির অবসান ঘটানো হবে। একই সঙ্গে খুন, গুম ও সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি।
সংখ্যালঘুদের নিরাপত্তা ও নাগরিক অধিকার প্রসঙ্গে তিনি বলেন, হিন্দু, খ্রিস্টানসহ সকল ধর্মের মানুষ যেন নিরাপদ ও নির্ভয়ে বসবাস করতে পারে—এই নিশ্চয়তা জামায়াতে ইসলামী দিতে চায়।” পাশাপাশি তিনি একটি মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যের কথা তুলে ধরেন। বক্তারা আগামী নির্বাচনে ন্যায়ভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠায় দলীয় প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান।

