সাতক্ষীরায় মাদকমুক্ত শিক্ষাঙ্গণ ও সমাজ বিনির্মাণে সেমিনার
স্টাফ রিপোর্টার: “মাদক নয়, মৃত্যু নয়—মাদকমুক্ত জীবন চাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গণ ও সমাজ বিনির্মাণে শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের করণীয় শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরা সরকারি কলেজের হলরুমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সাতক্ষীরা জেলা কার্যালয়ের আয়োজনে এবং সাতক্ষীরা সরকারি কলেজের সহযোগিতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক মিজানুর রহমান শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, যারা সময়কে গুরুত্ব দেয় তারাই জীবনে সফল হয়। জীবন একটি যুদ্ধ—এই যুদ্ধে মাদকাসক্ত হলে পরাজয় নিশ্চিত। উদ্দেশ্যহীন জীবন নিয়ে এগোনো যাবে না। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, এখনই জীবন গড়ার সময়। রুটিন মাফিক চলতে হবে এবং নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে গেলে একদিন সফলতা ধরা দেবেই।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিনুর রহমান চৌধুরী, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাসেম, সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) সাতক্ষীরার সভাপতি তৈয়েব হাসান শামসুজ্জামান।
শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থী তাসনিম তাবাচ্ছুম মীম। সেমিনার শেষে শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসকসহ অতিথিবৃন্দ।
এ সময় সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী প্রসিকিউটর মো. রাজিবুল ইসলাম।

