সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে তালায় নারী ভোটারদের সচেতনতা সমাবেশ
আব্দুল মান্নান, তালা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে তালায় নারী ভোটারদের উদ্বুদ্ধকরণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ের আয়োজনে “দেশের চাবি আপনার হাতে” স্লোগানে রোববার (২৫ জানুয়ারি) বিকেলে তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ সমাবেশ হয়।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসানের সভাপতিত্বে এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মিজ্ আফরোজা আক্তার।
বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. জুয়েল আরেফিন। এ সময় বক্তব্য দেন তালা থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম হাওলাদার, তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এম আবুল কালাম আজাদ, ইউপি সদস্য শংকর দাশ, মোহাম্মদ আলী, দেলোয়ার হোসেন সোনা, আলাউদ্দীন সরদার, মনিরুল ইসলাম, মশিয়ার রহমান, কামরুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রশাসন কাজ করছে এবং ভোটকেন্দ্রে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা থাকবে। তিনি ভোটারদের নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। তিনি আরও জানান, এবারের ভোটে দুটি ব্যালট পেপার থাকবে- একটি সংসদ সদস্য নির্বাচনের জন্য এবং অন্যটি গণভোটের জন্য। গণভোট সম্পর্কিত বিভিন্ন প্রস্তাবনার বিষয়েও তিনি সংক্ষেপে ধারণা দেন এবং ভোটারদের সচেতনভাবে অংশগ্রহণের আহ্বান জানান। সমাবেশে নারী ভোটারদের সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

