কৃষিশ্যামনগর

পানি নিষ্কাশনে কালভার্ট নির্মাণের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন ও পানি নিষ্কাশনের দাবিতে নির্মাণাধীন সড়কের মাঝে কালভার্ট নির্মাণের দাবি জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার বেলা ১১টায় সাতক্ষীরা-ভেটখালী সংযোগ সড়কের পাতড়াখোলা নিলু মিস্ত্রির মোড় এলাকায় এ মানববন্ধন হয়। ‘রমজাননগর ইউনিয়নবাসী’ ব্যানারে আয়োজিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে পাতড়াখোলা, অন্তাখালী, ঘুমঘাট, চাঁদখালী, পাঁচশতবিঘাসহ পার্শ্ববর্তী গ্রামের তিন শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, রমজাননগর ইউনিয়নের আটকাটা খাল ও ঈশ্বরীপুর ইউনিয়নের অন্তাখালী খালের মধ্যে সংযোগ না থাকায় এলাকাবাসী দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার দুর্ভোগ পোহাচ্ছেন। দুই খালের সংযোগস্থলে সিএনবি সড়কের নিচ দিয়ে পানি প্রবাহের একটি গেট থাকলেও কয়েক বছর আগে তা বন্ধ হয়ে যায়। ফলে বর্ষা মৌসুমে ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং আশপাশের প্রায় ১,২০০ বিঘা জমি চাষাবাদের অনুপযোগী হয়ে পড়ে। দীর্ঘদিন পানি জমে থাকার কারণে বহু পরিবারের কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও অভিযোগ করেন তারা।

বক্তারা আরও বলেন, আটকাটা ও অন্তাখালী খালের মধ্যে পানি প্রবাহ নিশ্চিত করা গেলে জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি শুষ্ক মৌসুমে বোরো ধান, তরমুজসহ বিভিন্ন সবজি চাষের সুযোগ সৃষ্টি হবে। বর্তমানে প্রায় সাড়ে ছয়শ কোটি টাকা ব্যয়ে সাতক্ষীরা–ভেটখালী সড়ক প্রশস্তকরণ ও নির্মাণ কাজ চলমান থাকায় এ সময়ই দুই খালের সংযোগস্থলে একটি কালভার্ট নির্মাণের উপযুক্ত সুযোগ রয়েছে। তাদের মতে, এ গুরুত্বপূর্ণ সময়ে পানি প্রবাহের ব্যবস্থা রেখে কালভার্ট নির্মাণ না করা হলে ভবিষ্যতে স্থায়ী জলাবদ্ধতা ও ব্যাপক ফসলহানির আশঙ্কা রয়েছে।

পাতড়াখোলা গ্রামের কৃষক আবু বক্কারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপি নেতা মুকুল হোসেন, ডা. ফারুক হোসেন, ইউপি সদস্য আবুল কালাম, জহুরা বেগম, নুরুজ্জামান চৌকিদার, মাকসুদুর রহমান, হরিদাসী মুন্ডা, কুলসুম বেগম, জয়নব বিবি, সবিতা রানী, রাজ্জাক গাইন, আব্দুর রশিদ, আফছার আলীসহ অন্যান্যরা। মানববন্ধন থেকে জেলা প্রশাসক ও সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *