কালিগঞ্জসাতক্ষীরা জেলা

কালিগঞ্জ-বিষ্ণুপুর সড়ক দখলে রাখা বালু সিন্ডিকেটের কারণে দুর্ভোগ চরমে, নীরব প্রশাসন

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর সড়ক দখল করে চলছে বালুর রমরমা ব্যবসা। অভিযোগ উঠেছে, ব্যবসায়ী উৎপল দেবনাথ ও মামুন ১০ চাকার ভারী ট্রাকে বালু এনে সড়কের ওপরই আনলোড করছেন, যার ফলে গুরুত্বপূর্ণ সড়কটি এখন মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও সাধারণ পথচারীরা।

শনিবার (২৩ মে) বেলা ১১টার সরেজমিনে গিয়ে দেখা যায়, কালিগঞ্জ-বাঁশতলা সড়কের বিষ্ণুপুর চৌমাথা এলাকায় উৎপল দেবনাথ ও ব্যবসায়ী মামুন মিলে সড়কের পাশ দখল করে বালু ও ইটের ব্যবসা পরিচালনা করছেন। ১০ চাকার ভারী ট্রাক দিয়ে প্রকাশ্যে বালু আনলোড করায় সড়কের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, একাধিকবার নিষেধ করা হলেও তারা কোনো কর্ণপাত করছেন না বরং প্রভাব খাটিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। ভারী যানবাহনের কারণে সড়কের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে এবং যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।

এ বিষয়ে ব্যবসায়ী উৎপল দেবনাথের সঙ্গে কথা বলতে চাইলে তিনি দ্রুত মোটরসাইকেল চালিয়ে স্থান ত্যাগ করেন।

বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাঙ্গীর আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি বারবার নিষেধ করার পরেও তারা শুনছে না। আপনারা যা করণীয় তাই করেন।

এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় সাধারণ জনগণ দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *