আন্তর্জাতিক গুম সপ্তাহে সাতক্ষীরায় মানববন্ধন
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় মানবাধিকার সংগঠন “অধিকার”-এর উদ্যোগে শহরের সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনটির সাতক্ষীরা সমন্বয়ক মো. মুজাহিদুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাংবাদিক ফিরোজ হোসেন।
এতে বক্তব্য দেন গুমের শিকার ডা. মোখলেছুর রহমানের পিতা শেখ আব্দুর রাশেদ, গুম থেকে ফিরে আসা মো. টিপু সুলতান, সাংবাদিক জিল্লুর রহমান, মানবাধিকারকর্মী শাহজাহান আলী মিটন, আব্দুল আলিম, সামিউলসহ অনেকে। বক্তারা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে সাতক্ষীরার জনিসহ অসংখ্য মানুষ গুমের শিকার হন।
দীর্ঘ এক দশক পার হলেও অনেকেরই এখনো সন্ধান মেলেনি। তারা অভিযোগ করেন, দেশে নির্বাচিত সরকারের মেয়াদ চার মাস হতে চললেও গুম হওয়া ব্যক্তিদের উদ্ধারে কিংবা তাদের পরিবারের পাশে দাঁড়াতে দৃশ্যমান কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। মানববন্ধন থেকে অবিলম্বে গুমের শিকার ব্যক্তিদের সন্ধান নিশ্চিত করা, দায়ীদের বিচারের আওতায় আনা এবং ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। একই সঙ্গে গুম কমিশন আইন অধ্যাদেশ দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানান বক্তারা।
মানববন্ধনে ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে গুমের শিকার ডা. মোখলেছুর রহমানের পিতা শেখ আব্দুর রাশেদ বলেন, ২০১৬ সালের ৪ আগস্ট তাঁর ছেলে মোখলেছুর রহমান জনিকে গ্রেপ্তার করে সাতক্ষীরা সদর থানার লকআপে রাখা হয়। তিন দিন তিনি ছেলেকে খাবার দিয়েছেন, কিন্তু এরপর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তিনি অভিযোগ করেন, ওই ঘটনায় জড়িত তৎকালীন ওসি এমদাদসহ সংশ্লিষ্টরা এখনো পলাতক রয়েছেন। তাদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।
এ সময় তিনি গুমের শিকার জনির কন্যাসন্তান ও বৃদ্ধ পিতাসহ পরিবারের জন্য আর্থিক সহায়তার দাবিও জানান। মানববন্ধনে অংশ নেওয়া অন্যান্য ভুক্তভোগী পরিবারের সদস্যরাও একই দাবি পুনর্ব্যক্ত করেন।

