সাতক্ষীরার তালায় শশুরবাড়িতে বেড়াতে এসে জামাইয়ের মৃত্যু
আব্দুল মান্নান, তালা: সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের চকারকান্দা গ্রামে শশুরবাড়িতে বেড়াতে এসে আবু সাইদ নামে এক জামাইয়ের আকস্মিক মৃত্যু হয়েছে। ঘটনাটি শুক্রবার (২২ মে) সকালে ঘটে এবং এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আবু সাইদ কয়েকদিন আগে স্ত্রীকে নিয়ে শশুরবাড়িতে বেড়াতে আসেন। শুক্রবার সকাল ৯টার দিকে তিনি তার শশুর হাফিজুল ইসলাম হাফির মাছের ঘেরে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। প্রতিদিনের মতো স্বাভাবিকভাবেই তিনি গাবতলা বিলের দিকে রওনা দেন।
পথিমধ্যে গাবতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি ঘেরের বেড়িতে পৌঁছালে হঠাৎ তার শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি সেখানে দাঁড়িয়ে বমি করতে থাকেন এবং অল্প সময়ের মধ্যেই দুর্বল হয়ে পড়েন। একপর্যায়ে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রা দ্রুত এগিয়ে এলেও ততক্ষণে তার মৃত্যু ঘটে।
খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ১নং ওয়ার্ড সদস্য রফিকুল গাজী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং বিষয়টি নিশ্চিত করে তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে অবহিত করেন।
পরে পাটকেলঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আবু সাইদ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
হঠাৎ এ মৃত্যুর ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের মাতম। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ। স্থানীয়দের মাঝেও বিরাজ করছে শোক ও উদ্বেগ।

