সীমান্তে ৩৩ বিজিবির অভিযানে সাড়ে ৮ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে সাড়ে ৮ লাখ টাকার অধিক মূল্যের বিভিন্ন চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (১৭ মে) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধীনস্থ কাকডাঙ্গা, মাদরা ও হিজলদী বিওপি, বাঁকাল চেকপোস্ট এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের টহলদল পৃথক পৃথক স্থানে এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, কাকডাঙ্গা বিওপির একটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস সংলগ্ন এলাকা থেকে প্রায় ৩ লাখ ৭৬ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করে। একইভাবে মাদরা বিওপি শ্মশানঘাট এলাকা থেকে ১ লাখ ৫ হাজার টাকার ভারতীয় ঔষধ উদ্ধার করে।
এছাড়া হিজলদী বিওপি সীমান্ত এলাকা থেকে ৬০ হাজার টাকা মূল্যের মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। বাঁকাল চেকপোস্টের টহলদল আলিপুর হাটখোলা মোড় এলাকা থেকে ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের চিংড়ি মাছের রেণুপোনা আটক করে।
অন্যদিকে ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের আভিযানিক দল কামার বাইশা এলাকা থেকে ১ লাখ ৬২ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।
সব মিলিয়ে অভিযানে মোট ৮ লাখ ৫৩ হাজার ৪০০ টাকা মূল্যের চোরাচালানী পণ্য উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, চোরাকারবারীরা শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে এসব পণ্য ভারত থেকে বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। এ ধরনের চোরাচালানের ফলে দেশের স্থানীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
স্থানীয় জনগণ বিজিবির এ ধরনের অভিযানকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

