অনলাইনশ্যামনগরসদরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরায় গঠিত হলো ‘ইউথ নেটওয়ার্ক ফর ক্লাইমেট জাস্টিস’

বিশেষ প্রতিনিধি: লবণাক্ততার আগ্রাসন, ফসল হারানোর যন্ত্রণা আর ঘূর্ণিঝড়ের আতঙ্ক—এই বাস্তবতার মাঝেই বড় হচ্ছে উপকূলের তরুণ প্রজন্ম। শুধু ভুক্তভোগী হয়ে নয়, এবার জলবায়ু ন্যায়বিচারের দাবিতে সংগঠিত লড়াইয়ে নামল সাতক্ষীরার তরুণরা। সেই লক্ষ্যেই গঠিত হলো একটি নতুন ‘ইউথ নেটওয়ার্ক’ প্ল্যাটফর্ম।

জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) হিউম্যান রাইটস এন্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন ডেভেলপমেন্ট (হেড)-এর আয়োজনে এবং ক্লাইমেট জাস্টিস রেজিলেন্স ফান্ড (CJRF) ও সম্প্রীতি এইড ফাউন্ডেশন-এর সহযোগিতায় ‘এস্টাবলিশ ইউথ নেটওয়ার্ক ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা থেকেই আনুষ্ঠানিকভাবে এই নেটওয়ার্ক গঠনের ঘোষণা দেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন হেড সংস্থার নির্বাহী পরিচালক লুইস রানা গাইন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রোগ্রাম অফিসার তারিকুল ইসলাম অন্তর।

প্রধান অতিথির বক্তব্যে দেশ টিভি-র স্টাফ রিপোর্টার শরীফুল্লাহ কায়সার সুমন বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব সাতক্ষীরার উপকূলকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করছে। লোনা পানির আগ্রাসন, কৃষি সংকট ও দুর্যোগ তরুণদের ভবিষ্যৎকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। এই সংকট মোকাবিলায় তরুণদের নীতিনির্ধারণী পর্যায়ে সক্রিয় ও দৃশ্যমান ভূমিকা নিশ্চিত করা জরুরি। এই ইউথ নেটওয়ার্ক সেই পথ তৈরি করবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চ্যানেল টোয়েন্টিফোর-এর ডিস্ট্রিক্ট রিপোর্টার আমিনা বিলকিস ময়না এবং হেড সংস্থার সহ-সভাপতি শেখ আজিজুর রহমান বাদশা।

সভায় আরও উপস্থিত ছিলেন চ্যানেল ওয়ান-এর সাতক্ষীরা প্রতিনিধি নাজমুল সাদাৎ জাকির, ইয়ুথ লিডার মাহবুবুর রহমান, পৌরসভা ইয়ুথ গ্রুপের সভাপতি ইয়াসিন আরাফাত শাওন, শাপলা প্রতিবন্ধী সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সিহাব সিদ্দিকীসহ বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধিরা।

সভা শেষে তরুণ প্রতিনিধিরা একসঙ্গে অঙ্গীকার করেন- জলবায়ু পরিবর্তনের ক্ষতির বিরুদ্ধে তারা আর নীরব থাকবে না। নিজেদের জীবন, জীবিকা ও ভবিষ্যৎ রক্ষায় স্থানীয় পর্যায় থেকে আন্তর্জাতিক অঙ্গন পর্যন্ত জলবায়ু ন্যায়বিচারের দাবি জোরালোভাবে তুলে ধরবে এই ইউথ নেটওয়ার্ক। উপকূলের ঝুঁকিপূর্ণ জনপদের তরুণদের হাত ধরেই হয়তো জন্ম নেবে জলবায়ু সহনশীল, ন্যায্য ও টেকসই আগামী দিনের বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *