সাতক্ষীরায় দেড় কেজি হিরোইনসহ সাড়ে ৪২ লাখ টাকার চোরাচালান জব্দ
গাজী হাবিব, সাতক্ষীরা: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১ কেজি ৬০০ গ্রাম হিরোইনসহ প্রায় ৪২ লাখ ৩৮ হাজার টাকা মূল্যের অবৈধ মালামাল জব্দ করেছে সাতক্ষীরা ব্যাটেলিয়ন ৩৩ বিজিবি।
শনিবার (২৪ মে) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধীন কাকডাঙ্গা ও হিজলদী বিওপির টহলদল নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করে এসব ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, আগরবাতি, ১ দশমিক ৬০০ কেজি হেরোইন এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
কাকডাঙ্গা বিওপির পৃথক দুটি আভিযানিক দল কলারোয়া থানার কেড়াগাছি ও বাঘাডাঙ্গা এলাকা থেকে প্রায় ৪২ লাখ ২৩ হাজার টাকা মূল্যের মোবাইল যন্ত্রাংশ, হেরোইন ও মোটরসাইকেল উদ্ধার করে।
এদিকে, হিজলদী বিওপির আরেকটি দল পূর্ব হিজলদী এলাকা থেকে ১৫ হাজার টাকা মূল্যের ভারতীয় আগরবাতি জব্দ করে।
সবমিলিয়ে অভিযানে মোট ৪২ লাখ ৩৮ হাজার টাকা মূল্যের চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
৩৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মো. আশিকুর রহমান প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে পাচার করা হচ্ছিল। এ ধরনের চোরাচালানের ফলে একদিকে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।

