চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
স্টাফ রিপোর্টার: শরীয়তপুর সদর হাসপাতালে কর্মরত চিকিৎসক ডা. মো. নাসিরের ওপর হামলার প্রতিবাদ এবং দেশের বিভিন্ন স্থানে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টায় সাতক্ষীরা সদর হাসপাতালের সামনে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। জেলা শাখার সভাপতি ডা. আবুল কালাম বাবলার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আব্দুর রহমান, সংগঠনের সহ-সভাপতি আ. ম. আখতারুজ্জামান মুকুল, প্রচার সম্পাদক সিএম নাজমুল ইসলাম ও ডা. তনয় কৃষ্ণ পাল প্রমুখ। বক্তারা বলেন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনায় চিকিৎসাসেবা ব্যাহত হয় এবং সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। তারা দ্রুত চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানান। এ সময় সংগঠনের জেলা ও উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

