ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় সাতক্ষীরায় ফার্মেসিকে জরিমানা
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা পৌরসভা এলাকায় মেয়াদোত্তীর্ণ ও প্যাকেটে মেয়াদের তারিখবিহীন ওষুধ রাখার দায়ে ‘রাফি মেডিসিন কর্ণার’ নামের একটি ফার্মেসিকে ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৯ মে) দুপুরে সাতক্ষীরা পৌরসভার ৭ নং ওয়ার্ডের ইটাগাছা খানপুর সড়ক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি অধিগ্রহণ ও আরএম শাখা) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসতিয়াক আহমেদ অপু। অভিযানে দেখা যায়, ফার্মেসিটিতে মেয়াদোত্তীর্ণ ও নষ্ট ওষুধ বিক্রির জন্য রাখা হয়েছে। পাশাপাশি অনেক ওষুধের প্যাকেটে মেয়াদের তারিখ (এক্সপায়ারি ডেট) উল্লেখ নেই। অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে ওষুধ সংরক্ষণ করা হচ্ছিল বলেও প্রমাণ মেলে। এ ঘটনায় জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ফার্মেসিটিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসতিয়াক আহমেদ অপু বলেন, “ওষুধের প্যাকেটে মেয়াদের তারিখ না থাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি। এসব অপরাধে জরিমানা করা হয়েছে এবং ফার্মেসিকে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে ওষুধের মান নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

