লিডসদরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরার উন্নয়নে নাগরিক কমিটির ২১ দফা বাস্তবায়নের দাবীতে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন ও দীর্ঘদিনের নাগরিক সমস্যার সমাধানে ২১ দফা দাবিনামা উপস্থাপন করেছে জেলা নাগরিক কমিটি। একই সঙ্গে এসব দাবি বাস্তবায়নে স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বৃহত্তর নাগরিক সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) বেলা ১১ টায় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় জেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বহু প্রতীক্ষিত রেললাইন স্থাপন এবং শহরের যানজট নিরসনে বিকল্প বাইপাস সড়ক নির্মাণের দাবি জোরালোভাবে তুলে ধরা হয়। পাশাপাশি ক্রমবর্ধমান যানজট সমস্যা নিরসন এবং চলমান জ্বালানি সংকট মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়া পরিবেশ ও জনজীবন সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলোও সভায় প্রাধান্য পায়। নদী ভাঙন প্রতিরোধ, জলাবদ্ধতা নিরসন এবং সাতক্ষীরা পৌরসভাসহ উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির নিশ্চয়তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

বক্তারা বলেন, সাতক্ষীরার উন্নয়ন সম্ভাবনা থাকা সত্ত্বেও অবকাঠামোগত ও মৌলিক সমস্যার কারণে জেলার মানুষ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তাই দ্রুত সময়ের মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে এসব সমস্যা সমাধান করা জরুরি।

সভা শেষে সিদ্ধান্ত হয়, জেলার সার্বিক উন্নয়নের দাবিগুলো বাস্তবায়নে শিগগিরই সংসদ সদস্য, জেলা প্রশাসন, নাগরিক সমাজ ও পেশাজীবীদের অংশগ্রহণে একটি বৃহত্তর নাগরিক মতবিনিময় সভা আয়োজন করা হবে।

সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহ্বায়ক এড. শেখ আজাদ হোসেন বেলালের সভাপতিত্বে এবং সদস্য সচিব এড. আবুল কালাম আজাদ ও যুগ্ম সচিব আলি নুর খান বাবুলের সঞ্চালনায় সভায় অধ্যক্ষ আব্দুল হামিদ, অধ্যক্ষ আশেক ই এলাহী, ​সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, মমতাজ আহমেদ বাপ্পী, স্বদেশের মাধব দত্ত, অ্যাড. আসাদুজ্জামান দুলু, এড. মুনীরউদ্দীন, এড. মহুয়া মঞ্জুরী, ​কবি কিশোরী মোহন সরকার, দেশবরেন্য কণ্ঠশিল্পী আবু আফফান রোজবাবু, ​উদীচী সাতক্ষীরার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক সুরেশ পান্ডা, ​নাগরিক কমিটির নিত্যানন্দ সরকার, মুনসুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

নাগরিক কমিটির নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে সাতক্ষীরাকে একটি পরিকল্পিত ও বাসযোগ্য জেলায় পরিণত করা সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *