কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য জাবেদ আলী গাজী আর নেই
মাসুদ পারভেজ, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জাবেদ আলী গাজী আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বার্ধক্যজনিত কারণে তিনি শনিবার (৭ মার্চ) রাত ৭টা ৪৫ মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।
মৃত্যুকালে তিনি ৩ পুত্র ও ২ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, হোগলা গ্রামের মান্দার গাজীর পালিত পুত্র জাবেদ আলী গাজী বিষ্ণুপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে সততা ও নিষ্ঠার সঙ্গে মানুষের সেবা করে গেছেন। অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য এলাকাবাসীর কাছে তিনি ছিলেন অত্যন্ত প্রিয় ও সম্মানিত একজন ব্যক্তি। ব্যক্তিজীবনে তিনি ছিলেন নম্র, ভদ্র ও সদালাপী স্বভাবের মানুষ।
রবিবার (১৮ রমজান) জোহরের নামাজের পর শ্রীধরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মরহুমের পুত্র হাফেজ হোসাইন গাজী। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

