সাতক্ষীরায় গরু বোঝাই ইঞ্জিনভ্যান উল্টে চালক নিহত, আহত ৭
পাটকেলঘাটা প্রতিনিধি: সাতক্ষীরার পাটকেলঘাটায় গরুবোঝাই ইঞ্জিনভ্যান খাদে পড়ে চালক নিহত হয়েছে । এ সময় আহত হয়েছে আরো তিন যাত্রী । এই ঘটনার মাত্র দুই ঘণ্টা পর একই স্থানে আরেকটি গরুবোঝাই আলমসাধু উল্টে যায়। এতে আরও চারজন আহত হয়েছে বলে স্থানীয়দের মাধ্যমে জানা গেছে। আহতদের সকলকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) সকাল ১১ টার দিকে সাতক্ষীরা- খুলনা মহাসড়কের পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়নের বালিগাদার একটি ইটভাটা সংলগ্ন এলাকায় মর্মান্তিক এ দূর্ঘটনা ঘটে ।
ইঞ্জিনভ্যান চালকের নাম ইশার আলী (৬০)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর এলাকার বাসিন্দা । আহতরা হলেন, একই উপজেলার গোবরদাড়ী এলাকার মো. মামুন হোসেন, মোতালেব হোসেন ও সরাফপুর এলাকার মো: আমিনুল ইসলাম।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বৃহস্পতিবার সকালে ইশার আলী, মো. মামুন হোসেন , মোতালেব হোসেন ও মো: আমিনুল ইসলাম
তিনটি গরু বোঝাই ইঞ্জিনভ্যানযোগে সাতক্ষীরার আবাদের হাট থেকে খুলনার ডুমুরিয়া উপজেলার খর্নিয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন । পথিমধ্যে কুমিরার বালিগাদার মোড়ের একটি ইটভাটা সংলগ্ন এলাকায় পৌঁছালে ইঞ্জিনভ্যানের পিছনের চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি খাদে পড়ে যায় । এতে ঘটনাস্থলে চালক ইশার আলী নিহত হন । একই সময় গুরত্বর আহত হয় সাথে থাকা তিন জন ।
পাটকেলঘাটা থানার পুলিশ -পরিদর্শক ( ওসি তদন্ত ) জাহিদুল আলম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে । আহতরা বর্তমানে পাটকেলঘাটার বেসরকারী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
স্থানীয়দের দাবি, মহাসড়কের ওই অংশে দ্রুত উচু নিচু ড্রেন না সংস্কার করলে প্রতিনিয়ত এ ধরনের দুর্ঘটনা ঘটতেই থাকবে।

