পাটকেলঘাটায় ভ্রাম্যমাণ আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা
শাহিন বিশ্বাস পাটকেলঘাটা: সাতক্ষীরার পাটকেলঘাটা বাণিজ্যকেন্দ্রে কয়েকজন অসাধু মিল মালিকের বিরুদ্ধে ঝালের গুঁড়ায় ভেজাল মেশানোর গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ওজন বাড়ানোর উদ্দেশ্যে তারা ঝালের গুঁড়ার সঙ্গে ঝালের বোটা ও পচা ঝাল বস্তা বস্তা কিনে মিশিয়ে বাজারজাত করছেন। সরেজমিনে গেলে দেখা যায় উদ্বেগজনক চিত্র।
স্থানীয়দের দাবি, পবিত্র রমজান মাসেও এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড থেমে নেই। কপোতাক্ষ নদের তীরঘেঁষা পাটকেলঘাটা এসিল্যান্ড অফিসের পেছনে অবস্থিত সিরাজ বিশ্বাসের ঝাল ও হলুদের মিলে শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে অভিযান পরিচালনা করেন সাতক্ষীরা আদালতের ম্যাজিস্ট্রেট ইস্তিয়াক আহমেদ, ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ও ম্যাজিস্ট্রেট কাজল।
ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে মিলটির কয়েকজন শ্রমিক দ্রুত সেখান থেকে পালিয়ে যান বলে জানা গেছে। এ সময় দ্রব্যমূল্যের অতিরিক্ত মূল্য নেওয়ার অভিযোগে পাটকেলঘাটা বাজারের আরও তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়।
এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ভেজালবিরোধী অভিযান ও বাজার তদারকি আরও জোরদারের দাবি জানিয়েছেন সচেতন মহল।

